• ভোটের মুখে কলকাতায় বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত বিহারের অস্ত্র কারবারি
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
  • কলকাতা, ১৮ এপ্রিল: ভোটের সময় কলকাতায় অশান্তি ছড়ানোর ছক বানচাল। আজ, শনিবার শহরের রাজাবাজার এলাকা থেকে বিপুল আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করল এসটিএফ। সেই সঙ্গে জালে ধরা পড়েছে এক অস্ত্র কারবারিও। বিহার থেকে এই অস্ত্র আনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

    কয়েকদিন পরেই রাজ্যে ভোটগ্রহণ পর্ব শুরু হচ্ছে। প্রথম দফার ভোটগ্রহণ ২৩ এপ্রিল। এদিন ভোট হবে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের ১৫২টি আসনে। তার ঠিক পাঁচ দিন পরে, ২৯ তারিখ দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের ১৪২টি আসনে ভোট হবে। এর মধ্যে আছে কলকাতার আসনগুলিও। ভোটের আগে কড়া নিরাপত্তা শহরজুড়ে। ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং।

    বিপুল বেআইনি অস্ত্র নিয়ে বিহার থেকে এক কারবারি শহরে আসছে বলে গোপন সূত্রে খবর পেরেছিল এসটিএফ। সেই অনুযায়ী সমস্ত প্রস্তুতি নেন দলের সদস্যরা। তাতে সাফল্য মিলেছে। রাজাবাজারে অস্ত্র ডেলিভারি করার সময় এক কারবারিকে বমাল গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে মিলেছে ছয়টি সিঙ্গল শার্টার বন্দুক এবং ১৪ রাউন্ড কার্তুজ। কাকে এই বন্দুকগুলি বিক্রির জন্য সে শহরে এসেছিল, তা জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)