• পুরকর্মীদের সভায় বিরিয়ানি বিলি শিলিগুড়িতে, বিরোধীদের অভিযোগে মেজাজ হারালেন তৃণমূল প্রার্থী
    আজ তক | ১৯ এপ্রিল ২০২৬
  • Siliguri Election News 2026: ভোটের মরশুমে ফের বিরিয়ানি বিতর্কে উত্তপ্ত উত্তরবঙ্গ। এবার কাঠগড়ায় শিলিগুড়ি ও ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের দুই জোড়াফুল প্রার্থী গৌতম দেব ও রঞ্জন শীলশর্মা। শনিবার দুপুরে পুরকর্মীদের একটি সভায় তাঁদের উপস্থিতির পর দেদার বিরিয়ানি বিলি করার অভিযোগ উঠল। আর এই ঘটনাকে কেন্দ্র করেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দরজায় কড়া নাড়ছে বিজেপি ও সিপিএম।

    এদিন দুপুরে শিলিগুড়ির একটি সভায় আমন্ত্রিত ছিলেন গৌতম দেব ও রঞ্জন শীলশর্মা। অভিযোগ, সভার শেষে টোকেন দেখিয়ে লাইনে দাঁড়িয়ে বিরিয়ানির প্যাকেট নেন কর্মীরা। যা দেখে বিরোধীদের দাবি, ভোট কিনতে বিরিয়ানির আড়ালে আদতে আদর্শ আচরণবিধি (MCC) লঙ্ঘন করা হয়েছে। শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ সাফ জানিয়েছেন, তাঁর নির্বাচনী এজেন্ট তথ্য সংগ্রহ শুরু করেছেন এবং দ্রুত কমিশনের কাছে নালিশ জানানো হবে। সিপিএম প্রার্থী দিলীপ সিং-এর প্রশ্ন, নির্বাচনী বিধি চলাকালীন পুরকর্মীদের নিয়ে এভাবে সভা করা যায় কি?

    যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন দুই তৃণমূল প্রার্থীই। রঞ্জন শীলশর্মার সাফাই, "২০০৪ সাল থেকে এই কর্মীদের সঙ্গে আমার সম্পর্ক। তাঁদের অধিকাংশই অস্থায়ী কর্মী। ভোটের সময় ভোটের কথা তো হবেই।" পাল্টা চাপের মুখে কিছুটা মেজাজ হারিয়ে তিনি বলেন, "কে কী বলল তাতে আমার মাথাব্যথা নেই।" অন্যদিকে, গৌতম দেবের বক্তব্য কিছুটা ভিন্ন সুরের। তিনি নিজেকে ওই সভায় ‘অভিভাবক’ হিসেবে দাবি করে বলেন, "সন্তানদের কাছে কি কেউ ভোট চায়? আমি শুধু তাঁদের নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম।" তবে ‘শুভেচ্ছা’ ও ‘বিরিয়ানি’র এই মিশেল যে ভোটের আগে কমিশনের নজরে চলে এল, তা বলাই বাহুল্য।
     

     
  • Link to this news (আজ তক)