এই সময়, মালদা: খিচুড়ি বিলির সঙ্গে অন্নপূর্ণা যোজনায় আবেদনপত্র বিলি এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল বিজেপি বিরুদ্ধে। শনিবার মানিকচকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া এলাকায় এই অভিযোগ ওঠে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সিপিএমের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানো হয়েছে।
মানিকচকের সিপিএম প্রার্থী দেবজ্যোতি সিনহার অভিযোগ, ‘মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের ২১ নম্বর বুথের রায়পাড়া এলাকায় বিজেপির মণ্ডল কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষদের খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হয়। কিন্তু এই খিচুড়ি বিলির মাধ্যমে বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মণ্ডলের হয়ে তাঁকে ভোট দেওয়া এবং অন্নপূর্ণা যোজনার মাধ্যমে তিন হাজার টাকা পাইয়ে দেওয়ার কথা বলে আবেদনপত্র বিলি করা হয়। বিষয়টিতে নির্বাচনবিধি লঙ্ঘন হয়েছে। তাই নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে।’
যদিও সংশ্লিষ্ট এলাকার বিজেপির মণ্ডল সভাপতি সুভাষ যাদব বলেন, ‘যে অভিযোগ করা হয়েছে তার কোনও ভিত্তি নেই। এদিন মহিলাদের নিয়ে দলের একটি আলোচনা সভা ও মতামত বিনিময় কর্মসূচি গ্রহণ করা হয়। হঠাৎ করে সিপিএমের কোথা থেকে এমন ফর্ম ফিলআপের বিষয়টি নজরে পড়ল, তা জানা নেই।’