রূপক সরকার, বালুরঘাট
কলেজ জীবন থেকেই স্বপ্ন ছিল জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করার। সেই স্বপ্ন পূরণেই এ বার রাজনীতির ময়দানে কোমর বেঁধে নামলেন বালুরঘাটের বাসিন্দা সুকান্ত কিস্কু। পাঁচ বছর আগে পড়াশোনা শেষ করেছিলেন ৩২ বছরের যুবক। কিন্তু, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে লড়তে পারেননি। তপন কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুকান্ত।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের তিন নম্বর ওয়ার্ডের মিলন সঙ্ঘ এলাকায় থাকেন এই নির্দল প্রার্থী। আদতে কুমারগঞ্জ ব্লকের চাঁদপুরের বাসিন্দা হলেও থাকেন সদর শহরে। পড়াশোনায় মেধাবী সুকান্ত কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে ভূগোলে স্নাতক হওয়ার পর ডিএলএড উত্তীর্ণ হয়েছেন। বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিলেও তিনি কর্মহীন। বাবা অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুল শিক্ষক মঙ্গল কিস্কুর পেনশনের টাকাতেই চলে সংসার। সুকান্ত প্রথমে 'বহুজন মুক্তি পার্টি'র পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু দলের শীর্ষ নেতার সইয়ের গরমিলের কারণে আবেদন বাতিল হয়ে যায়। এতেও পিছু হঠেননি সুকান্ত। তাঁর হাতে ১০ হাজার টাকা ছিল। ব্যাঙ্কে ছিল পাঁচ হাজার টাকা। ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেন। এই সঞ্চয় খরচ করে ভোটে নেমেছেন তিনি।
সুকান্তর নির্বাচনী প্রতীক 'খাটিয়া'। গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছেন তিনি। আদিবাসী সমাজের কাছে গিয়ে বোঝাচ্ছেন তাঁদের অধিকারের কথা। সুকান্ত বলেন, 'কোনও দলে যোগ দিলে একবারে নেতা হওয়া বা ভোটে দাঁড়ানো যায় না। আমি ভবিষ্যতে সক্রিয় রাজনীতি করতে চাই, তাই আগে এই অভিজ্ঞতাই অর্জন করতে চাইছি। তপন এলাকার আদিবাসী সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন হয়নি, তাঁদের জন্য কাজ করতে আমার এই সিদ্ধান্ত।' ছেলের অদম্য জেদকে সাধুবাদ জানিয়ে বাবা মঙ্গল কিন্তু বলেন, 'ও মানুষের জন্য কাজ করতে চায় জেনে আমি পূর্ণ সম্মতি দিয়েছি। আমরা ওর এই লড়াইয়ের পাশে আছি। ও এগিয়ে যাক।'