• কলকাতা পুলিশের DC শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ED-র হানা
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৬
  • ফের শহরে ইডির হানা। রবিবার সকালে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বালিগঞ্জের ফার্ন রোডে রয়েছে তাঁর ফ্ল্যাট। সেখানেই সকাল ৬টায় তাঁর ফ্ল্যাটে পৌঁছয় ইডি। দীর্ঘদিন কালীঘাট থানার দায়িত্বে ছিলেন কলকাতা পুলিশের এই অফিসার। রবিবার সকাল থেকে তাঁর বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছনোর পরে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

    কোন মামলায় এই পুলিশ আধিকারিকের বাড়িতে ইডি হানা দিয়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে তোলাবাজি, সিন্ডিকেটের টাকার ভাগ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডি হানা দিয়েছে বলে সূত্রের খবর। এর আগে কলকাতা পুলিশের এই কর্তাকে দিল্লিতে তলব করেছিল ইডি। কয়লা কেলেঙ্কারি মামলায় তাঁকে ডাকা হয়েছিল। কিন্তু সেই তলবে সাড়া দিয়ে হাজিরা দেননি শান্তনু।

    শান্তনু সিনহা বিশ্বাসের পাশাপাশি কলকাতার এক ব্যবসায়ীর বাড়িতেও ইডি হানা দিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। রবিবার সকালে ওই ব্যবসায়ীর বেহালার বাড়িতে  ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। ওই ব্যবসায়ীও এর আগে ইডি-র তলব এড়িয়েছিলেন।

    সম্প্রতি রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে হানা দিয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। তাঁর বাড়ির কাছে থাকা নির্বাচনী কার্যালয়েও তল্লাশি চালানো হয়েছিল। যা নিয়ে বেশ শোরগোলও পড়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ আর এক সপ্তাহও বাকি নেই। তার আগে দেখা যাচ্ছে ইডি, আয়কর দপ্তরের সক্রিয়তা।

  • Link to this news (এই সময়)