নয়াদিল্লি: বায়ুসেনার বিমানের হার্ড ল্যান্ডিং। এর জেরেই শুক্রবার গভীর রাতে সাময়িকভাবে বন্ধ রাখা হয় পুনে বিমানবন্দরের রানওয়ে। এরফলে শনিবার সকাল পর্যন্ত ব্যাহত হয় উড়ান পরিষেবা। পরে পরিষেবা ছন্দে ফেরে।
কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর সকাল সাড়ে সাতটা থেকে উড়ান ও আটটা থেকে অবতরণ পরিষেবা চালু হয়েছে। শুক্রবার রাত ১০টা ২৫ মিনিট নাগাদ ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমানের অবতরণের সময় সমস্যা হয়। গোঁত্তা খেয়ে রানওয়েতে আছড়ে পড়ে বিমানটি। এর ফলে রানওয়ে অবরুদ্ধ হয়ে পড়ে। রানওয়েটি পরিষ্কার করে পরিষেবা স্বাভাবিক করতে বেশ কয়েকঘণ্টা লেগে যায়। এনিয়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মুরলিধর মোহল জানিয়েছেন, বিমানের আরোহীরা সকলেই সুস্থ। রানওয়ের তেমন কোনো ক্ষতি হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হার্ড ল্যান্ডিং বলতে বোঝায়, যখন কোনো বিমান স্বাভাবিকের থেকে অনেক বেশি ভার্টিকাল স্পিড নিয়ে রানওয়েতে আছড়ে পড়ে। এতে বড়োসড়ো দুর্ঘটনার আশঙ্কা থাকে। প্রতিকূল আবহাওয়া, রানওয়েতে সমস্যা সহ নানা কারণে হার্ড ল্যান্ডিং হতে পারে।