• ডবল ইঞ্জিন রাজ্যেই বিশুদ্ধ পানীয় জল পেতে হিমশিম সাধারণ মানুষ
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একাধিক বিজেপি শাসিত রাজ্যেই নলবাহিত বিশুদ্ধ পানীয় জল পেতে রীতিমতো হয়রান হতে হচ্ছে সাধারণ মানুষকে। ছত্তিসগড়, ওড়িশা, রাজস্থান, অসমের মতো বিজেপি শাসিত রাজ্যে নলবাহিত বিশুদ্ধ জল সরবরাহের প্রকল্প ১০০ শতাংশ সম্পূর্ণ হতে এখনও ঢের দেরি। শুধু তাই নয়,বহু ক্ষেত্রেই প্রকল্প রূপায়ণের হার  জাতীয় গড়েরও নিচে রয়েছে। খোদ কেন্দ্রীয় সরকারি রিপোর্টেই এবিষয় স্পষ্ট হয়েছে। স্বাভাবিক কারণেই একে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। 

    জলশক্তি মন্ত্রকের একটি সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, নলবাহিত বিশুদ্ধ জল সরবরাহ হচ্ছে, সারা দেশে এমন বাড়ির হার ৮১.৭৩ শতাংশ। অর্থাৎ, এই মুহূর্তে সারা দেশের প্রায় ১৮ শতাংশ বাড়িতেই নলবাহিত বিশুদ্ধ জল সরবরাহ হচ্ছে না। ওই রিপোর্ট থেকেই জানা যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে নলবাহিত বিশুদ্ধ জল সরবরাহ হওয়া বাড়ির হার ৫৮.৫২ শতাংশ। এই হার বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে ৭৪.০১ শতাংশ। ওড়িশায় ৭৭.২৬ শতাংশ। ছত্তিসগড়ে ৮২.৫২ শতাংশ। অসমে এই হার ৮১.৭১ শতাংশ। অর্থাৎ, জলশক্তি মন্ত্রকের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, একাধিক বিজেপি শাসিত রাজ্যই জাতীয় গড়ের থেকেও কম হারে বাড়ি বাড়ি নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে পেরেছে। রাজস্থানে ৬৩ লক্ষেরও বেশি বাড়িতে এমন পরিষেবা নেই। মধ্যপ্রদেশে এমন ৮২ লক্ষেরও বেশি বাড়ি আছে, যেখানে এখনও পর্যন্ত নলবাহিত বিশুদ্ধ জল সরবরাহ করতে ব্যর্থ হয়েছে ওই রাজ্যের বিজেপি সরকার। অসমে ৫৯ লক্ষেরও বেশি বাড়িতে নলবাহিত বিশুদ্ধ জল সরবরাহ করা হয় না। 

    বিভিন্ন ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যের এমন লক্ষ লক্ষ বাড়িতে নলবাহিত বিশুদ্ধ জল সরবরাহ না হওয়ার বিষয়কে যথেষ্টই উদ্বেগজনক বলে মনে করছে স্বাস্থ্য বিশেষজ্ঞ মহল। তাদের আশঙ্কা, এর সরাসরি প্রভাব পড়তে পারে জন স্বাস্থ্যের উপর। কারণ নলবাহিত বিশুদ্ধ জল সরবরাহ না হওয়ার অর্থই হল, এলাকার বাসিন্দারা পরিশোধিত জল ব্যবহার করতে পারছেন না। প্রসঙ্গত, সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত জল ব্যবহারে একাধিক মৃত্যুর অভিযোগ সামনে এসেছিল। কাঠগড়ায় উঠতে হয়েছিল রাজ্যের বিজেপি সরকারকেই। এব্যাপারে অবশ্য জলশক্তি মন্ত্রক আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে সরকারি সূত্রে ব্যাখ্যা করা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মসূচি জল জীবন মিশনের আওতায় বাড়ি বাড়ি নলবাহিত বিশুদ্ধ জল সরবরাহের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। নির্ধারিত সময়সীমার মধ্যে সর্বত্রই বিশুদ্ধ পানীয় জল দেশের প্রত্যেক বাড়িতে সরবরাহ হবে।
  • Link to this news (বর্তমান)