• পহেলগাঁওয়ে নিরাপত্তায় নয়া পদক্ষেপ, পর্যটকদের মানতে হবে এই নিয়ম
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
  • শ্রীনগর, ১৯ এপ্রিল: জনপ্রিয় পর্যটনকেন্দ্র পহেলগাঁও। জঙ্গি হামলার পর থেকে কিছুটা থমকে গিয়েছিল এই অঞ্চলের পর্যটনশিল্প। নিরাপত্তাজনিত কারণে কমতে শুরু করেছিল পর্যটকদের ভিড়। এবার ফের আগের ছন্দে পহেলগাঁওকে ফিরিয়ে আনতে এবং পর্যটকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়কে মাথায় রেখে বড় পদক্ষেপ নিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। এবার অচেনা গাইড হোক বা ঘোড়াওয়ালা  কারও উপর ভরসা করতে আর দশবার ভাবতে হবেনা পর্যটকদের। মোবাইলে একটি কিউআর কোড স্ক্যান করলেই মিলবে সংশ্লিষ্ট ব্যক্তির সম্পূর্ণ পরিচয় ও তথ্য। গত বছরের ভয়াবহ জঙ্গি হামলার পর পর্যটকদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল, তা কাটাতেই এই নতুন ব্যবস্থা। এমনটাই জানা গিয়েছে প্রশাসনের তরফে। প্রশাসনের আরও দাবি, এই উদ্যোগে পর্যটকরা আরও নিশ্চিন্তে পহেলগাঁও ভ্রমণ করতে পারবেন এবং পর্যটন শিল্পও নতুন করে গতি পাবে। পহেলগাঁওয়ের সমস্ত পর্যটন পরিষেবা প্রদানকারীদের জন্য চালু করা হয়েছে কিউআর কোডভিত্তিক পরিচয়পত্র ব্যবস্থা। ঘোড়াচালক, স্থানীয় দোকানদার, হকার কিংবা বাইরের রাজ্য থেকে আসা বিক্রেতা সবার নথিপত্র বিস্তারিতভাবে যাচাই করেছে পুলিশ। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তাদের দেওয়া হয়েছে একটি ইউনিক কিউআর কোড।

    পর্যটকরা কোনো পরিষেবা নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির কিউআর কোড স্ক্যান করলেই মোবাইলে ভেসে উঠবে তাঁর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, আধার নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, কাজের এলাকা এবং পুলিশ ভেরিফিকেশনের তথ্য। ফলে অচেনা ব্যক্তির উপর ভরসা করার আগে সহজেই তাঁর পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। এতে প্রতারণার সম্ভাবনা কমার পাশাপাশি নিরাপত্তাও আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য পর্যটকদের আস্থা ফিরিয়ে আনা। বৈসরণ ভ্যালিতে জঙ্গি হামলায় ২৫ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছিল। বর্তমান পদক্ষেপের মাধ্যমে সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে চায় প্রশাসন
  • Link to this news (বর্তমান)