লখনউ, ১৯ এপ্রিল: নয়ডা শ্রমিক আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের। যৌথ অভিযানে এই আন্দোলনে ইন্ধন জোগানো মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল গৌতম বুদ্ধ নগর পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আদিত্য আনন্দ। আন্দোলন চরম অবস্থা নেওয়ার পর থেকেই পলাতক ছিল আনন্দ। এরপর পুলিশের যৌথ অভিযানে তামিলনাড়ুর তিরুচিরাপল্লী রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, নোয়ডা ও তার আশেপাশের কিছু এলাকায় শ্রমিক বিক্ষোভ চলাকালীন সহিংসতা ছড়ানোর নেপথ্যে মূল ভূমিকা ছিল আনন্দের। তিনি শ্রমিকদের আন্দোলনের আড়ালে উস্কানিমূলক কার্যকলাপ সংগঠিত করেন এবং বিক্ষোভকে আরো সহিংস রূপ দেওয়ার চেষ্টা করেন। নয়ড়ার ফেজ ২ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। পাশাপাশি একটি স্থানীয় আদালতেও তার বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ধরতে একাধিক রাজ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে তামিলনাড়ুতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। ধৃতের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, এই গ্রেপ্তারের ফলে পুরো ঘটনার তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে আশা করা হচ্ছে।