• দলীয় নেতৃত্বকে দায়িত্ব ভাগ, মাল পুরসভায় লিড দিতে মরিয়া তৃণমূল
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
  • ব্রতীন দাস, জলপাইগুড়ি: নেতৃত্বকে দায়িত্ব ভাগ করে দিয়েছে দল। মাল শহরে লিড দিতে মরিয়া তৃণমূল। নিজের ওয়ার্ড সামলাচ্ছেন মাল পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ি ও ভাইস চেয়ারম্যান মিলন ছেত্রী। এদিকে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ‘বার্তা’ পাওয়ার পর শেষ ল্যাপে গোল করার চ্যালেঞ্জ নিয়ে ছুটছেন মাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা। বিজেপির অবশ্য তোপ, তৃণমূল যেভাবে খুশি ঘুঁটি সাজাক না কেন, মাল শহরে এগতে পারবে না তারা। মালবাজার শহরের ১৫টি ওয়ার্ডের মধ্যে ১৪টিই তৃণমূলের দখলে। বাকি একটিতে রয়েছে বিজেপি। অথচ চব্বিশের লোকসভা নির্বাচনে মাল পুর এলাকায় সাড়ে তিন হাজারের কিছু বেশি ভোটে পিছিয়ে পড়ে জোড়াফুল শিবির। যদিও এবার সেই খামতি মিটিয়ে মাল শহর থেকে বড়সড় লিড দিতে দিনরাত এক করে প্রচার চালাচ্ছে তৃণমূল নেতৃত্ব। দলের মাল টাউন ব্লক সভাপতি পুলিন গোলদার বলেন, দলীয় নেতৃত্বকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। গত লোকসভা নির্বাচনের ঘাটতি মিটিয়ে শহর থেকে এবার আমাদের লিড থাকবেই।

    তৃণমূল সূত্রে খবর, মাল পুরসভার ১, ৩, ৫ ও ১০ নম্বর ওয়ার্ড থেকে দলকে লিড পাইয়ে দেওয়ার ভার রয়েছে প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহার কাঁধে। শহরের ৭, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের দায়িত্ব রয়েছে দলের জেলা সাধারণ সম্পাদক অমিত দে’র উপর। তৃণমূলের মাল টাউন ব্লকের প্রাক্তন সভাপতি তিনি। ১৩ নম্বর ওয়ার্ড দেখছেন চেয়ারম্যান উৎপল ভাদুড়ি। ২, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড থেকে দলকে এগিয়ে দেওয়ার দায়িত্ব রয়েছে পুলিনের উপর। ৮ নম্বর ওয়ার্ড দেখছেন মহিলা তৃণমূলের টাউন সভানেত্রী মনিকা সাহা। ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্ব রয়েছে প্রাক্তন কাউন্সিলার সমরকুমার দাসের উপর। ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বে প্রাক্তন কাউন্সিলার রূপক সিনহা। ৪ নম্বর ওয়ার্ড দেখছেন দলের টাউন ব্লক কমিটির সহ সভাপতি মানসকান্তি সরকার। ১৫ নম্বর ওয়ার্ডের দায়িত্বে ভাইস চেয়ারম্যান মিলন ছেত্রী। মাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা বলেন, আমার ওয়ার রুমে ভোটের রণকৌশল ঠিক হচ্ছে। সেখানে জনা কুড়ি ছেলেমেয়ে পালা করে কাজ করছেন। তাছাড়া শহরের বিশিষ্টজন যাঁরা, সমাজে যাঁদের প্রভাব রয়েছে, তাঁদের কাছে যাচ্ছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন, গরিব মানুষের জন্য রাজ্যের সামাজিক প্রকল্প তুলে ধরা হচ্ছে।

    মাল পুরসভার বর্তমান চেয়ারম্যান উৎপল ভাদুড়ির দাবি, পাড়ায় সমাধানে শহরে ২ কোটি ৪০ লক্ষ টাকার কাজ চলছে। পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে বেশকিছু রাস্তা। শহরে সব বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। এসব সামনে রেখেই আমরা মানুষের কাছে যাচ্ছি।

    মালবাজার শহরের বিজেপি নেতা তথা দলের জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক রাকেশ নন্দীর অবশ্য দাবি, পুরসভার কাজকর্ম নিয়ে শহরের মানুষ তিতিবিরক্ত। ফলে তৃণমূল যতই ঘুঁটি সাজাক না কেন, মালবাজার শহরের বাসিন্দারা বিজেপিকেই ভোট দেবেন। গ্রামেও ভোট হবে পদ্ম চিহ্নেই।
  • Link to this news (বর্তমান)