• তৃণমূলকে হারাতে ৮ কোটির ডিল দলবদলুর, চাঞ্চল্যকর রেকর্ডিং ফাঁস, মেদিনীপুরের ভাইরাল ফোনালাপে অস্বস্তিতে বিজেপি
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: পশ্চিম মেদিনীপুরে তৃণমূল প্রার্থীদের হারাতেই হবে—সেজন্য ৮ কোটি টাকার ‘ডিল’ করেছেন ‘দলবদলু’ এক বিজেপি নেতা! চার কোটি টাকা ইতিমধ্যেই ‘ঠিক জায়গায় বিলি’ও করা হয়ে গিয়েছে। বাকি চার কোটি ‘কালেকশন’ করা হচ্ছে। ভোটের মাত্র ছ’দিন আগে ফোনে সেকথা স্বীকার করেছেন ‘দলবদলু’রই এক এজেন্ট। শুক্রবার রাতে চাঞ্চল্যকর সেই কল রেকর্ডিং ফাঁস হতেই তোলপাড় শুরু হয়েছে। ব্যাপক অস্বস্তিতে গেরুয়া শিবির। ওই ‘অডিয়ো’র সত্যতা অবশ্য যাচাই করেনি ‘বর্তমান’। তবে তাতে ‘দলবদলু’ নেতার এজেন্টের সঙ্গে মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি নির্মাল্য চক্রবর্তীর মধ্যে কথোপকথন রয়েছে বলে অভিযোগ। যদিও নির্মাল্যর দাবি, এআই দিয়ে নকল করা হয়েছে তাঁর কণ্ঠস্বর। সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগও দায়ের করেছেন তিনি।

    কল রেকর্ডিংটি মাত্র ৪০ সেকেন্ডের। তার মধ্যেই ‘দলবদলু’ বিজেপি নেতার নাম বারবার এসেছে। তাঁরই ঘনিষ্ঠ পরিচয় দিয়ে একজনকে বলতে শোনা যায়, ‘আগে ফোর সিআর (চার কোটি) যেমন তুলেছিলাম, আরও ফোর সিআর পাঠিয়ে দেব। টোটাল এইট সিআর (আট কোটি) সকলকে ডিস্ট্রিবিউট করে দে। সৌমেনদা এবং তাঁর জামাইয়ের সঙ্গে শুভেন্দুদার কথা হয়েছে। টাউনে মাইনাস করে দেবেন কথা দিয়েছেন। তুই টাকা ডিস্ট্রিবিউট করে দিবি। সরফরাজকেও কিছু টাকা দিবি। কোনো ঝামেলা হলে তুই দায়ী থাকবি নির্মাল্য। প্রদীপকে বাদ দিয়ে বাকি সবাইকে হারিয়ে দে। বিশেষ করে, দীনেন আর সুজয়কে তো হারাতেই হবে! লাস্ট ফোর সিআর কালেকশন করে দিচ্ছি!’ সূত্রের দাবি, ফোনালাপে নাম করা হয়েছে মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, খড়্গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার, খড়্গপুর গ্রামীণের তৃণমূল প্রার্থী দীনেন রায় এবং মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরার। এর মধ্যে ষড়যন্ত্র করে হারানোর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে প্রদীপকে। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির দিলীপ ঘোষ। একই দলে থাকলেও তাঁর সঙ্গে ‘দলবদলু’ নেতার সাপে-নেউলে সম্পর্কের কথা কারও অজানা নয়। ফলে বিজেপির একাংশ এই অডিয়োকে সত্যি বলে মনে করছে।

    তৃণমূলের যুব নেতা নির্মাল্য আবার মেদিনীপুরের রাজনীতিতে সুজয়-বিরোধী হিসাবে সুপরিচিত। তাঁর অবশ্য সাফ কথা, ‘এই অডিয়ো সম্পূর্ণ ফেক। পুলিশ তদন্ত শুরু করেছে। আবাস এলাকা থেকে একটি নিউজ পোর্টালের সঙ্গে যুক্ত একজনকে ধরা হয়েছে।’ অডিয়োটি ভুয়ো বলে দাবি করেছেন তৃণমূল নেতা সৌমেন খানও। তাঁর দাবি, ভোটের মুখে দলের মধ্যে বিভাজন টানতে কৌশলে এটা করানো হয়েছে। ২০২১ সালে পশ্চিম মেদিনীপুরে ১৫টি আসনের মধ্যে ১৩টিতেই জয়ী হয়েছিল তৃণমূল। বিজেপি পায় মাত্র দু’টি আসন। এবারও তারা আহামরি কিছু ফলাফলের আশা করছে না। তাই মোটা টাকার ‘ডিল’ বলে দাবি তৃণমূলের।
  • Link to this news (বর্তমান)