সংবাদদাতা, বসিরহাট: সন্দেশখালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ঝরনা সর্দার সাধারণ দরিদ্র পরিবারের মেয়ে। তবে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে এই জেলা পরিষদ সদস্যের। সন্দেশখালি জুড়ে আদিবাসী জনজাতি মানুষের বাস। প্রতিটি বাড়িতে পৌছে যাচ্ছেন ঝরনাদেবী। ‘ঘরের মেয়ে’কে প্রার্থী হিসাবে পেয়ে খুশি সন্দেশখালিও। সাধারণত সকাল আটটা থেকে ন’র সময় এবারের ভোটে প্রার্থীরা প্রচারে বেরচ্ছেন। কিন্তু ঝরনা সর্দার ভোরের আলো ফুটতেই মানুষের দুয়ারে হাজির। ঘরের মেয়েকে পেয়ে কখনও গল্প, কখনও খুনসুটিতে মেতে উঠছে গোটা এলাকা।
প্রার্থী ঝরনাদেবী বলেন, আমি খুব দরিদ্র পরিবারের মেয়ে। দল আমাকে জেলা পরিষদের সদস্য করেছিল। এবার আমাকে বিধানসভা ভোটে লড়াই করার সুযোগ করে দিয়েছে। প্রতিটি গ্রামে গিয়ে মহিলা ও যুবক কর্মীদের নিয়ে প্রচার করছি। যে সমস্ত মহিলারা বিজেপির চক্রান্তে পড়ে আন্দোলনে নেমেছিলেন তাদের বাড়িতে গিয়েও কথা বলছি। আমার সঙ্গে কথা বলে তাঁরা খুশি। আমার সঙ্গে তাঁরাও প্রচারে বেরিয়েছেন। আমি চাই সন্দেশখালি এলাকায় এখনও পর্যন্ত রাস্তা এবং অন্যান্য যে সমস্যা আছে, সেগুলির দ্রুত সমাধান করা। যেসব কাজ আটকে আছে সেগুলি দ্রুত শেষ করা। এই নদীমাতৃক সন্দেশখালি এলাকায় মানুষের যাতায়াতের আরও সুবিধার জন্য আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আরও ব্রিজের দাবি করব। এলাকার এক বাসিন্দা কমলা সর্দার বলেন, সাতসকালে দরজা খুলেই দেখছি ‘ঘরের মেয়ে’ ঝরনা দুয়ারে হাজির। খুব ভালো লাগছে দল এইরকম একজনকে প্রার্থী করায়। তিনি নিজে গরিব পরিবার থেকে উঠে এসেছেন। তিনি জিতলে তাই আগামী দিনে এলাকার গরিব মানুষের অনেক উপকার হবে।