মৃৎশিল্পীদের সমস্যা মেটানোই কুমোরটুলিতে তৃণমূলের ‘তুরুপের তাস’
বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কুমোরটুলির অলিগলির কাঁচাপথ হয়েছে পাকাপোক্ত। মিটেছে পানীয় জলের সংকট। পটুয়াপাড়া মানে প্যাচপ্যাচে জল-কাদা, নোংরা‑আবর্জনাময় পরিবেশ—এই অভিজ্ঞতা আজ অতীত। মৃৎশিল্পীদের দীর্ঘদিনের দাবিদাওয়া মেটায় তাঁরা অনেকাংশেই খুশি। উন্নয়নের হাত ধরে বদলে যাওয়া এই কুমোরটুলি আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের তুরুপের তাস। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে কুমোরটুলি। এই কেন্দ্রের বিধায়ক তথা এবারও তৃণমূলের প্রার্থী শশী পাঁজা। প্রচারে বেরিয়ে তিনি রাজ্য সরকারের লক্ষ্ণীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী সহ নানা প্রকল্পের কথা যেমন তুলে ধরছেন, তেমনই থাকছে কুমোরটুলির উন্নয়নও। তিনি সেখানে প্রচার চালাতে গিয়ে বলেন, ‘কুমোরটুলির মৃৎশিল্পীদের নানা সমস্যা রয়েছে। সবসময় তাঁদের পাশে থাকার চেষ্টা করেছি।’ এবার জিতে এলে তিনি কুমোরটুলির অসমাপ্ত কাজগুলি দ্রুত শেষ করতে বাড়তি নজর দেবেন বলে জানাচ্ছেন। কুমোরটুলি স্ট্রিট, বনমালী সরকার স্ট্রিট, রবীন্দ্র সরণি সহ বিস্তীর্ণ এলাকার মানুষজনের বক্তব্য, ‘একটা সময় পটুয়াপাড়ার ভিতর ঢুকলে গা ঘিন ঘিন করে উঠত। চারদিকে জল-কাদায় ভরে থাকত। আর বৃষ্টি হলে তো কথাই নেই! একেবারে প্যাচপ্যাচে অবস্থা! এখন পরিস্থিতি অনেকটাই পালটেছে।’ মৃৎশিল্পী রাজা পালের কথায়, ‘কুমোরটুলির মূল সমস্যা ছিল এখানকার পথঘাট। সকলেরই দাবি ছিল, কুমোরটুলির অলিগলিতে যেসব কাঁচা রাস্তা আছে, তা পাকা করা হোক। আমাদের দাবি পূরণ হয়েছে, এটাই বড়ো কথা।’ প্রবীণ শোলা শিল্পী শম্ভুনাথ মালাকার বলেন, ‘এখানে পানীয় জলের সংকট এখন নেই বললেই চলে। এলাকাজুড়ে প্রচুর আলো লাগানো হয়েছে। গত কয়েক বছরে কুমোরটুলির এই সামগ্রিক উন্নয়নে আমরা খুশি।’ মৃৎশিল্পী সংগঠনের কর্তা বাবু পালের কথায়, ‘একটা সময় এখানে নিকাশি ব্যবস্থা খুবই খারাপ ছিল। এখন অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। বৃষ্টি হলে এখন আর এখানে জল জমে না। গত কয়েক বছরে কুমোরটুলিতে মৃৎশিল্পীদের জন্য থাকা দাতব্য চিকিৎসাকেন্দ্রের প্রভুত উন্নতি হয়েছে।’ মানুষের এই সন্তুষ্টির কথাই উঠে আসছে শশীদেবীর প্রচারে। তাঁর বিশ্বাস, এই বিধানসভা কেন্দ্রের ভোটাররা গত পাঁচ বছরের কাজের নিরিখে ফের তাঁকেই বিজয়ী করবেন। এই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে পূর্ণিমা চক্রবর্তীকে। তাঁর দাবি, তিনি প্রচারে বেরিয়ে ভালো সাড়া পাচ্ছেন। মানুষ তাঁর পাশে আছেন। সবমিলিয়ে জমজমাট ভোটমুখী কুমোরটুলি।-নিজস্ব চিত্র