• ভোটের আগেই লুমটেক্স ও সানবিম জুটমিল খোলার সম্ভাবনা
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরে তিনটি জুটমিল বন্ধ রয়েছে। তার মধ্যে লুমটেক্স এবং সানবিম জুট মিল খুলবে। শনিবার বিকেলে ১৭ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে এই কথা জানান বারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। তিনি বলেন, জুট মিল কর্তৃপক্ষের সঙ্গে অনেকদিন ধরেই কথা চলঠে। কাঁচা মালের অভাব রয়েছে। তবু শ্রমিকদের কথা ভেবে চালু করতে বলেছি। সোমবার থেকে সানবিম এবং লুমটেক্স খুলে যাচ্ছে। শ্রমিকদের কাছে খুশির খবর। এদিন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের হয়ে প্রচার করেন সাংসদ জুন মালিয়া। তাঁকে দেখার জন্য মানুষের ভিড় জমে। তৃণাঙ্কুরকে জয়ী করার জন্য নোয়াপাড়ার কাছে আহ্বান জানান জুন। ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অমিত গুপ্তার জন্য কাঁকিনাড়ায় পাড়া বৈঠক করেন সাংসদ পার্থ ভৌমিক। তৃণমূলকে ভোট দেওয়া কেন দরকার তার ব্যাখ্যা করেন। বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই মহিলাদের কথা প্রথম ভেবেছেন। তাঁর জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে। তারপর তিনি মহিলাদের বলেন, আগে আপনাদের জন্য কেউ ভেবেছেন? আপনাদের ছোট্ট ছোট্ট প্রয়োজন মেটানোর জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করেছেন। তাঁকে আপনারা সমর্থন করবেন না? আমরা সব জায়গায় ভোটে জিতি, ভাটপাড়ায় হেরে যাই। এটা খুবই দুঃখের। লক্ষ্মীর ভাণ্ডার যাতে বন্ধ না হয় তার জন্য তৃণমূল প্রার্থী অমিত গুপ্তাকে জয়ী করুন। এখন বিজেপি একটি ফর্ম ফিলাপ করছে। আপনারা কখনও সেখানে ফোন নম্বর দেবেন না। তাহলে ব্যাঙ্কের সব টাকা চলে যাবে।
  • Link to this news (বর্তমান)