• প্রচারে মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ফের বিতর্কের কেন্দ্রে বারাকপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচি। প্রচারে বেরিয়ে এক মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। ওই মহিলা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন। বারাকপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের শঙ্খবণিক কলোনিতে শুক্রবার ভোটপ্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী আইনজীবী কৌস্তভ বাগচী। তখন তিনি শ্রাবন্তী সেন নামে এক মহিলার বাড়িতে যান। অভিযোগ, মহিলা নিজেকে তৃণমূল সমর্থক বলে দাবি করলে বিজেপি প্রার্থী তাঁকে হুমকি দেন।

    ওই মহিলার দাবি, কৌস্তভ বাগচি ভোট চাইতে আমার বাড়িতে এলে আমি তাঁকে বলি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেব। এতেই রেগে গিয়ে বিজেপি প্রার্থী আমাকে বলেন, চার তারিখের পর কী করবেন, দেখে নেব। শুক্রবার রাতেই তিনি কৌস্তভ বাগচির বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন। 

    যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। তাঁর বক্তব্য, উনি তৃণমূল কর্মী হতে পারেন, কিন্তু আমার তো ভোট চাইতে বাঁধা নেই। তা বলে একজন বাড়িতে এলে কেউ এমন ব্যবহার করে? আমি রাজ চক্রবর্তীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছি, কুশল বিনিময় করেছি। প্রসঙ্গত, গত মাসেই এই শঙ্খবণিক কলোনিতে এক অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর করা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। এই নিয়ে তাঁর বাড়ির সামনে তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এবার তাঁর বিরুদ্ধে মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল।
  • Link to this news (বর্তমান)