সংবাদদাতা, তারকেশ্বর: আজ, রবিবার তারকেশ্বর ও হরিপাল বিধানসভার তৃণমূল প্রার্থীদের প্রচারে তারকেশ্বর ব্লকের রামনগর কলাইকুণ্ডু সংলগ্ন মাঠে প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দুই বিধানসভার প্রার্থী ছাড়াও উপস্থিত থাকবেন জেলা ও রাজ্যের একাধিক তৃণমূল নেতৃত্ব। ২০২১ সালে তারকেশ্বরে বিজেপির হেভি ওয়েট প্রার্থী স্বপন দাশগুপ্তকে পরাজিত করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রামেন্দু সিংহ রায়। অন্যদিকে হরিপালে বিজেপির স্থানীয় প্রার্থী সমীরণ মিত্র কে পরাজিত করে, জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী করবী মান্না। এই দুই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের দাবি এবারের ভোটে গতবারের থেকে বেশি ভোটে জয়লাভ করবে তাঁরা। বিপুল সংখ্যক কর্মী-সমর্থকরা দলনেত্রীর বক্তব্য শুনতে প্রতিটি ব্লক থেকে উপস্থিত হবে এই ময়দানে। তৃণমূল কংগ্রেসের আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি রামেন্দু সিংহ রায় বলেন, বুথে বুথে কর্মীরা সক্রিয়ভাবে কাজ করছে। রবিবার সকাল ১১ টায় সভা মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।