নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্নাতকের বিভিন্ন স্তরের ডিগ্রির নাম জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তন করল কলকাতা বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে, এন্ট্রি-এগজিটের বিষয়টি জাতীয় শিক্ষানীতি মেনে চলবে। প্রথম বছরে বেরিয়ে গেলে সার্টিফিকেট এবং দ্বিতীয় বছর শেষে পড়াশোনা স্থগিত করলে ডিপ্লোমা দেওয়া হবে ছাত্রছাত্রীদের।
তিন বছরের অনার্স কোর্সে ‘থ্রি ইয়ার্স গ্র্যাজুয়েশন উইথ সিঙ্গল মেজর’ ডিগ্রি পাওয়া যাবে। তিন বছরের জেনারেল ডিগ্রির নাম হবে ‘থ্রি ইয়ার্স গ্র্যাজুয়েশন টু কোর অ্যান্ড ওয়ান মাইনর।’
আর চার বছরের ডিগ্রির ক্ষেত্রে অনার্স বা অনার্স উইথ রিসার্চ ডিগ্রি দেওয়া হবে। অন্যদিকে, আয় বাড়াতে বেসরকারি কলেজের অনুমোদন ফি বাড়ানোর কথা ভাবছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এর জন্য গঠিত হয়েছে একটি কমিটিও। বর্তমানে পরিদর্শন সহ এই ফি রয়েছে ১১ হাজার টাকা। সেটা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। কিছু সেল্ফ ফিনান্সিং কলেজের ক্ষেত্রেও বর্ধিত ফি কার্যকর হতে পারে।