প্রয়াত মুকুলের ছবিতে মালা দিয়ে বীজপুরে প্রচার তৃণমূল প্রার্থীর
বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: প্রয়াত মুকুল রায়ের ছবিতে মালা দিয়ে তাঁর ছেলে শুভ্রাংশ রায়কে সঙ্গে নিয়ে শনিবার সকালে বীজপুর বিধানসভা এলাকায় প্রচার সারলেন তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী। তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীর হয়ে ভোট চাইলেন কাঁচরাপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শুভ্রাংশু। অসুস্থ থাকা সত্ত্বেও তিনি এদিন তৃণমূল প্রার্থীর সমর্থনে পদযাত্রায় অংশ নেন। বীজপুরবাসীর উদ্দেশ্যে বলেন, বিধায়ক সুবোধ অধিকারীকে সব সময় কাছে পাওয়া যায়। তাঁকে আপনারা সমর্থন করুন। প্রসঙ্গত, বীজপুর কেন্দ্র থেকে ২০১১ এবং ২০১৬ সালে তৃণমূল প্রার্থী হিসাবে শুভ্রাংশু জয়ী হন। এদিন কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়ি ‘যুগল-রেখা’র সামনে থেকে তাঁর ছবিতে মালা দিয়ে প্রচার শুরু করেন সুবোধ অধিকারী। সঙ্গে ছিলেন শুভ্রাংশু। পার্টি অফিস পর্যন্ত একসঙ্গে হাঁটেন শুভ্রাংশু। সুবোধ অধিকারী বলেন, শুভ্রাংশুর শরীর খারাপ। রোদের মধ্যে বেশি হাঁটতে বারণ করলাম। তবে মানুষের যে সাড়া পেয়েছি, তাতে আমি অভিভূত। বিকালে ২৩ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন সুবোধ অধিকারী। সঙ্গে ছিলেন কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী।তবে বীজপুরের বিক্ষুব্ধ বিজেপি প্রার্থী প্রেমচাঁদ মিশ্র সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, দল যতই তাঁকে বহিষ্কার করুক, তার অন্তরআত্মা হল বিজেপি। বিজেপির প্রার্থী সুদীপ্ত দাস কিছুদিন আগে দলের কর্মীদেরই মারধর করেছেন বলে সাংবাদিক বৈঠকে ছবি দেখিয়ে অভিযোগ করেন। সুদীপ্ত দাসের বিরুদ্ধে তৃণমূলের পতাকা খোলার অভিযোগও উঠেছে।