নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শনিবার সকালে পাড়ায় হইচই। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, পুলিশকে সঙ্গে নিয়ে নবতিপর মঙ্গলা কর্মকার, বৃদ্ধা লীলা দের বাড়ি হাজির নির্বাচন কমিশন। তা দেখে মানুষের মধ্যে শুরু হয় চর্চা। রহস্যের কিনারা হয় কিছুক্ষণের মধ্যে। যাঁরা বাড়িতে বসে ভোটদানের ইচ্ছাপ্রকাশ করেছিলেন, তাঁদের আবেদন মেনে বিএলও এবং অন্য আধিকারিকরা বাড়িতে এসে ভোট নেওয়ার ব্যবস্থা করেন। মঙ্গলাদেবী হাঁটতে চলতে অক্ষম। কোনোমতে তাঁকে ধরে তুলে বসানো হয়। তারপর ভোট দেন তিনি। শনিবার থেকেই আনুষ্ঠানিকভাবে দক্ষিণ ২৪ পরগনায় শুরু হল বিধানসভা নির্বাচন। প্রতি বিধানসভায় ৮৫ বছরের ঊর্ধ্বে ভোটারদের বাড়ি গিয়ে ভোট নেওয়া শুরু করলেন ভোটকর্মীরা। সোনারপুর, বারুইপুর, ভাঙড়, রায়দিঘি সহ প্রতিটি বিধানসভায় এদিন এই ধরনের ভোটাররা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। কোথাও ৫০, কোথাও ২৫০ জন বাড়ি বসে ভোট দিলেন। মথুরাপুর ২ নম্বর ব্লকের ২৫৯ বাসিন্দা ভোট দিয়েছেন। ভাঙড়ে ভোট দিয়েছেন ৭২ জন। এঁদের মধ্যে অনেকে শতায়ু। আগামী কয়েকদিন ধরে চলবে এই ভোটদান প্রক্রিয়া। জেলা সূত্রে খবর, বাড়ি বসে ভোট দেবেন এমন ভোটারের সংখ্যা প্রায় ২৫ হাজার। নিজস্ব চিত্র