• দীপ্সিতার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের এক মন্তব্যের প্রতিবাদে শনিবার নিউ বারাকপুরে বিক্ষোভ মিছিল করলেন নিউ বারাকপুর পুরসভার কর্মচারীদের একাংশ। তাঁদের অভিযোগ, সম্প্রতি প্রচারে এসে দীপ্সিতা ধর দাবি করেছিলেন, পুরসভার অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন সমস্যায় ভুগছেন। তিনি নির্বাচনে জয়ী হলে অস্থায়ী কর্মীদের বেতনের সুবন্দোবস্ত করবেন। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে শনিবার বিক্ষোভ প্রদর্শন করেন পুর কর্মচারীরা। তাঁরা নিউ বারাকপুর স্টেশন সংলগ্ন আমতলা মোড় থেকে ৭  নম্বর রেলগেট পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বাম প্রার্থীকে ‘মিথ্যাচারিণী’ বলে সোচ্চার হন। তাঁদের বক্তব্য, ‘আমাদের দীর্ঘমেয়াদি বেতন সমস্যা তো দূরের কথা, প্রতি মাসে সময়ে বেতন পেয়ে যাই আমরা। সিপিএম প্রার্থীর দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।’ বাম প্রার্থীকে তাঁদের হুঁশিয়ারি, ওই মন্তব্য সংশোধন না করলে আগামী দিনে বড়ো আন্দোলনে যাবেন তাঁরা। যদিও বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ দীপ্সিতা। তিনি বলেন, ‘আমাদের নাম দিয়ে ফ্লেক্স-ব্যানার খাটিয়ে এই প্রথম তৃণমূল মিছিল করল। দেখে ভালো লাগল। এতে আমাদের দলের আরও শ্রীবৃদ্ধি হবে। যে অভিযোগ আমি করেছি, তা সংশ্লিষ্ট পুরসভার কর্মচারীদের কথরি ভিত্তিতেই। তার ভিডিও আমাদের কাছে আছে।’ 
  • Link to this news (বর্তমান)