বিধাননগর গভর্নমেন্ট হাইস্কুলের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা
বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভোটের জন্য নিয়ে নেওয়া হয়েছে গোটা স্কুল। প্রায় ৯০ শতাংশ শিক্ষকরা ভোটের ডিউটিতে ব্যস্ত। স্কুলের ভিতর অনুষ্ঠান করার পরিস্থিতিও নেই। এইরকমই আবহে ৫০ বছরে পদার্পণ করল সল্টলেকের ঐতিহ্য বিধাননগর গভর্নমেন্ট হাইস্কুল। তাতে অনেকেই বিষন্ন। কিন্তু, তা বলে অনুষ্ঠানে ছেদ পড়বে? তা কী হয়? তাই বর্তমান থেকে প্রাক্তনী, এগিয়ে এসেছেন সকলেই। সীমাবদ্ধতা থাকলেও সমস্ত প্রতিবন্ধকতাকে সরিয়ে ৫০ বছরের প্রথম অনুষ্ঠানের সূচনা হল শনিবার। সকালে প্রভাতফেরি। তারপর অনুষ্ঠান। তবে, ভোটের জন্য স্কুলের বাইরে অনুষ্ঠান করতে হয়েছে। প্রধান শিক্ষক রেয়াজ আহমেদ বলেন, দু’মাস আগেও আমাদের ভাবনা ছিল অন্যরকম। কিন্তু, ভোট পড়ে যাওয়ায় সব পালটে গেল। আমরা দপ্তরে জানিয়েছিলাম। ভোটের জন্য জনপ্রতিনিধিরাও কেউ আসতে পারেননি। বর্তমান শিক্ষক, প্রাক্তন শিক্ষক, বর্তমান ও প্রাক্তন পড়ুয়া, সকলে মিলে আমরা বিডি ব্লকে প্রভাত ফেরি করেছি। স্কুল নিয়ে নেওয়ার জন্য সেখানে অনুষ্ঠান করা যায়নি। স্কুলের বাইরের মাঠে অনুষ্ঠান হয়েছে। তবে, সারাবছর ধরে আমাদের ৫০ বছরের অনুষ্ঠান চলবে। ২০২৭ সালে গিয়ে শেষ হবে। সূচনা অনুষ্ঠান সেভাবে করা না গেলেও সেই সময় আমরা আড়ম্বরে করব।