নির্বাচনের আগে রাজাবাজারে উদ্ধার আগ্নেয়াস্ত্র, বালিগঞ্জে ২৫ লক্ষ টাকা
বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও কয়েক লক্ষ টাকা। শনিবার সকালে রাজাবাজার সায়েন্স কলেজের সামনে এক ব্যক্তির কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এছাড়া শুক্রবার রাতে বালিগঞ্জে গুরুসদয় দত্ত লেনে নাকা তল্লাশিতে একটি গাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে ২৫ লক্ষ টাকা। এর পাশাপাশি শেক্সপিয়র সরণি ও তপসিয়া থানা এলাকা থেকেও লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্র থেকে এসটিএফের কাছে খবর আসে রাজাবাজার এলাকায় অস্ত্র লেনদেন হতে পারে। তারপর সে এলাকায় সাদা পোশাকে বিশেষ টিম মোতায়েন করা হয়। একসময় হাতকাটা জামা পরা এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় এসটিএফের। বাস স্টপে বসেছিলেন তিনি। তাঁকে জিজ্ঞাসা করে জানা যায়, অস্ত্র হাতবদল হওয়ার কথা আছে। তল্লাশি করতেই তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় ছ’টি দেশি ওয়ান শাটার বন্দুক ও এইট এমএম পিস্তলের ১৪টি কার্তুজ। উদ্ধার কাজ ভিডিওগ্রাফি করে এসটিএফ। অস্ত্রগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেপ্তার করা হয় ওই অস্ত্র পাচারকারীকে। ধৃতের নাম সোহেল আখতার (৪২)। এছাড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গুরুসদয় দত্ত লেন এবং আশুতোষ চৌধুরী অ্যাভিনিউয়ের ক্রসিংয়ে নাকা চেকিংয়ের সময় সন্দেহজনক একটি গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। গাড়ি থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এর পাশাপাশি শনিবার সকালে তপসিয়া মোড়ে তল্লাশির চালিয়ে একটি গাড়ি থেকে দু’লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। ওই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা কোথা থেকে এসেছে সে সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর দিতে পারেননি গাড়ির চালক। একইসঙ্গে লর্ড সিনহা রোড ও এজেসি বোস রোড সংযোগস্থলে একটি প্রাইভেট গাড়িকে আটকায় স্ট্যাটিক সার্ভিলেন্স টিম। গাড়ি থেকে উদ্ধার হয় ২ লক্ষ ২৮ হাজার টাকা ও ২টি বেআইনি মোবাইল ফোন। এগুলি বাজেয়াপ্ত করে শেক্সপিয়র সরণি থানা।