মধ্যরাতে শহরে মদ্যপ তরুণীর গলায় ছুরি ধরে লুটপাট, গ্রেপ্তার ক্যাব চালক সহ দুই
বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্যরাতের ক্যাবে মদ্যপ তরুণী যাত্রীর গলায় ছুরি ধরে লুটপাট। এতে জড়িত থাকার অভিযোগে ক্যাবচালক দুই দাদা-ভাইকে গ্রেপ্তার করলেন কলকাতা পুলিশের ডাকাতি দমন শাখার গোয়েন্দারা। ধৃতরা হলেন পাপ্পু যাদব (৩৭) এবং বিহারী যাদব (২৭)। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র এই খবর জানিয়েছেন।
প্রাথমিক তদন্তে লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন, ঘটনার সূত্রপাত ১৫ এপ্রিল মাঝরাতে। ঘড়িতে তখন রাত আড়াইটে। আমহার্স্ট স্ট্রিট থানার সীতারাম ঘোষ স্ট্রিটের বাসিন্দা এক তরুণী হো চি মিন সরণির একটি অভিজাত ক্লাবে পার্টি সেরে বাড়ি ফেরার জন্য ক্যাবে ধরেন। তিনি মদ্যপ অবস্থায় থাকায় কিছুটা রাস্তা যাওয়ার পরই ক্যাবে সংজ্ঞা হারিয়ে ফেলেন। এই সুযোগে ক্যাবচালক এবং তাঁর ভাই ওই তরুণীকে নির্জন রাস্তায় নিয়ে যান। সেখানে ক্যাব দাঁড় করিয়ে, তরুণীর গলায় ছুরি ধরে, নগদ ৩০ হাজার টাকা, লকেট সহ সোনার হার, দুটি মোবাইল, একটি সোনার নেকলেস লুট করেন বলে অভিযোগ।
এরপর রাত সাড়ে ৩টে নাগাদ ওই তরুণীকে কলেজ স্ট্রিট এলাকায় নামিয়ে উধাও হয়ে যান তারা। পরদিন ওই তরুণী শেক্সপিয়র সরণি থানায় অজ্ঞাতপরিচয় ক্যাবচালকের বিরুদ্ধে লুটপাটের মামলা দায়ের করেন। স্থানীয় শেক্সপিয়র সরণি থানার পাশাপাশি তদন্তে নামেন লালবাজারের ডাকাতি দমন শাখার গোয়েন্দারা। শনিবার সকালে বাবুঘাট এলাকা থেকে পাপ্পু যাদব এবং তাঁর ভাই বিহারী যাদবকে গ্রেপ্তার করেন তাঁরা। ধৃতরা কলকাতার ট্যাংরা থানা এলাকার বাসিন্দা। লুটে ব্যবহৃত ক্যাব দু’টি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে লুট হওয়া সামগ্রী এখনও উদ্ধার হয়নি।