• বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও, থাকছে গরম ও অস্বস্তির সতর্কতা
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে বাড়বে অস্বস্তিকর পরিস্থিতি। সোমবারের মধ্যে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। হালকা বৃষ্টির হতে পারে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কিছু অংশে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গে। 

    অন্যদিকে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকার সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। সতর্কতা না থাকলেও গরম ও অস্বস্তি থাকবে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে। পশ্চিমের জেলাগুলোতে তীব্র  গরম ও অস্বস্তির সম্ভাবনা থাকছে মঙ্গলবার ও বুধবার। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাস্প ঢুকছে দক্ষিণবঙ্গে। তার ফলে জারি থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। 

    অন্যদিকে, দার্জিলিং সহ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ঝড়বৃষ্টি চলবে। আজ রবিবার ঝড়-বৃষ্টি পরিমাণ বাড়বে। নিচের দিকের মালদা সহ তিন জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। সোমবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে উপরের পাঁচ জেলায়। মঙ্গলবারে থেকে বৃষ্টির পরিমাণ কমবে। মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে মঙ্গলবার থেকে।
  • Link to this news (বর্তমান)