হাঁটুতে ইঞ্জেকশন নিয়ে শুটিং, ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এ অনন্যার অধ্যবসায়ে মুগ্ধ পরিচালক
এই সময় | ১৯ এপ্রিল ২০২৬
বহু বছর পর আবারও একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। তবে এ বার আর শুধু সহ-অভিনেতা হিসেবে নয়, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে ‘পুতলি বাঈ’-এর চরিত্রে দেখা যাবে অনন্যাকে। তাঁর অভিনয় গুণ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তবে অনন্যাকে নিয়ে এ বার একেবারে অন্যরকম একটি গল্প শোনালেন পরিচালক শিবপ্রসাদ।
শুটিংয়ের ঠিক ১৫ দিন আগে ঘটে বিপত্তি। পরিচালকের কাছে ফোন আসে প্রখ্যাত চিকিৎসক বিকাশ কাপুরের। তিনি পরিষ্কার জানিয়ে দেন, অনন্যার হাঁটুর যা অবস্থা, তাতে নাচের ঝুঁকি নেওয়া একদমই উচিত নয়। কিন্তু অনন্যা ছিলেন অনড়। শারীরিক যন্ত্রণাকে তুচ্ছ করে তিনি সিদ্ধান্ত নেন পেইনকিলার ইনজেকশন নিয়ে শুটিং করবেন। পরিচালকের কথায়, ‘চিকিৎসকের আশঙ্কা ভুল প্রমাণ করে নির্দিষ্ট দিনে শুটিং শেষ করেছেন অনন্যা। সহশিল্পী এবং পরিচালক হিসেবে ওর এই অদম্য জেদ আর অধ্যবসায় দেখে আমি মুগ্ধ।’
অনন্যার হাঁটুতে ঠিক কী হয়েছে? অভিনেত্রী জানান, বেশ কিছু দিন আগে অন্য একটি পারফর্ম্যান্স করার সময়ে হাঁটুর স্কার টিস্যু ছিঁড়ে যায়। পেনকিলার দিয়ে সাময়িক ভাবে ব্যথা কমানো হলেও হাঁটু অপারেশন করানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। তার পরের মাসছয়েক বিশ্রাম নেওয়ার কথা ছিল। অনন্যার কথায়, ‘ঠিক সেই সময়েই শিবুর ফোনটা আসে। অপারেশনের পর শুটিংয়ের ডেট পড়লে তো কাজটা করতে পারতাম না। তাই আপাত ভাবে ব্যথা কমানোর জন্য আমিই আমার ডাক্তারবাবুকে জোর করি। যেন ইঞ্জেকশন দিয়ে হাঁটু ব্যথা কমিয়ে দেন। কারণ, নাচ আমার দুর্বলতা।’
অনন্যা চট্টোপাধ্যায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্পর্ক দীর্ঘদিনের। টেলিভিশনের পর্দায় অভিনেতা হিসেবে একসঙ্গে কাজ করা থেকে শুরু করে ডান্স রিয়েলিটি শো— পথ চলা শুরু অনেক আগে। সেই রিয়েলিটি শো-তে অনন্যা চ্যাম্পিয়ন হয়েছিলেন। পরবর্তীকালে ঋতুপর্ণ ঘোষের ‘আবহমান’ ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। এ বার ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে তাঁকে দেখা যাবে।
‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে অনন্যা ছাড়াও রয়েছেন একঝাঁক তারকা। অর্জুন চক্রবর্তী, রাইমা সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, রজতাভ দত্ত-সহ আরও অনেকে। মে মাসে স্কুল-কলেজের গরমের ছুটি থাকে। সেই সময়েই প্রেক্ষাগৃহে আসছে ‘ফুল পিসি ও এডওয়ার্ড’।