খোঁজ নতুন দৃষ্টিভঙ্গির, সীমানা পেরোনোর আড্ডা ‘বৈঠকখানা’
এই সময় | ১৯ এপ্রিল ২০২৬
দেবলীনা ঘোষ
বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ভাবনার সীমানা ভেঙে নতুন দৃষ্টিভঙ্গির খোঁজ, এই লক্ষ্য নিয়েই কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির উদ্যোগে শুরু হচ্ছে ‘কেসিসি বৈঠকখানা: বাংলা সাহিত্যের আড্ডা, তৃতীয় অধ্যায়’।
১৭ থেকে ১৯ এপ্রিল, টানা তিন দিন ধরে চলবে এই বিশেষ সাহিত্য সম্মেলন, যার মূল থিম ‘সীমানা’। প্রথম দিনেই ছোটদের জন্য গল্প বলা, সৃজনশীল লেখার কর্মশালা ও মাতৃভাষা নিয়ে বিতর্ক— সব মিলিয়ে বৈচিত্রময় সূচনা। অনুষ্ঠানের দ্বিতীয় দিন জুড়ে থাকবে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা, আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্মের সীমারেখা, বিভক্ত বাংলা, মান্টোর গল্পে সীমানা, এমন নানা বিষয়ে মতবিনিময় করবেন অঞ্জন দত্ত, চঞ্চল চৌধুরী, সৃজিত মুখোপাধ্যায়দের মতো বিশিষ্টরা। কবিতা, সাহিত্য ও সমাজের সীমানা নিয়েও থাকছে বিশেষ অধিবেশন, যেখানে জয় গোস্বামীর বক্তব্য থাকবে বিশেষ আকর্ষণ হিসেবে।
পাশাপাশি এই বিশেষ আয়োজনে থাকছে সঙ্গীত ও পারফরম্যান্সও। অনুষ্ঠানের তৃতীয় দিনে আলোচনার কেন্দ্রবিন্দু হবে জেনজ়ি, প্রেম-আবেগ এবং মধ্যবয়সের অভিজ্ঞতা। এই বৈঠকখানার মূল ভাবনা, আমাদের চারপাশের অদৃশ্য সীমানাগুলিকে নতুন করে দেখা ও প্রশ্ন করা। কারণ, সীমানা কখনও ভাঙে, কখনও আবার তৈরি হয়, আর সেই পরিবর্তনের মধ্যেই জন্ম নেয় নতুন চিন্তা ও সৃজন। সব মিলিয়ে এই বিশেষ আয়োজন ঘিরে তৈরি হয়েছে প্রত্যাশা।