২% DA বৃদ্ধি, কেন্দ্রের ঘোষণায় খুশি কর্মী থেকে পেনশনভোগীরা
এই সময় | ১৯ এপ্রিল ২০২৬
কেন্দ্রীয় সরকারের কর্মী ও পেনশনভোগীদের জন্য স্বস্তির খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা ২ শতাংশ হারে ডিয়ারনেস অ্যালাউন্স (Dearness Allowance বা DA) বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে তা কার্যকর হবে। এই সিদ্ধান্তের ফলে কর্মী ও পেনশনভোগীদের মাসিক আয় কিছুটা বাড়বে।
ডিয়ারনেস অ্যালাউন্স (DA) হলো এর ধরনের ভাতা। যা মূলত মূল্যবৃদ্ধির প্রভাব সামলাতে দেওয়া হয়। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে কর্মীদের উপর আর্থিক চাপ তৈরি হয়। তা কমাতেই এই DA দেওয়া হয়। এবার সেই DA ২ শতাংশ বাড়ানো হলো।
সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের বেতন ও পেনশনে সরাসরি প্রভাব পড়বে। প্রতি মাসে হাতে পাওয়া টাকার পরিমাণ বাড়বে। যদিও কতটা ডিএ মিলবে তার নির্দিষ্ট অঙ্ক নির্ভর করবে মূল বেতন বা পেনশনের উপর।
এই সিদ্ধান্ত এমন সময়ে এল, যখন অষ্টম পে কমিশন (8th Pay Commission) নিয়ে কর্মী সংগঠনগুলির দাবি আরও জোরালো হচ্ছে। ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেকানিজম (NC-JCM) ইতিমধ্যেই সরকারের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব জমা দিয়েছে।
ওই প্রস্তাবে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ করার দাবি তোলা হয়েছে। এতে ন্যূনতম বেসিক বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে প্রায় ৬৯,০০০ টাকা হতে পারে বলে অনুমান। এ ছাড়াও পরিবারের সংজ্ঞা বাড়িয়ে নির্ভরশীল বাবা-মাকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বেতন বৈষম্য কমানোর জন্য নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া, বার্ষিক ইনক্রিমেন্ট বাড়ানো এবং মূল্যবৃদ্ধির সঙ্গে যুক্ত ভাতা বাড়ানোর কথাও বলা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩,০০০ কোটি টাকার Sovereign Maritime Fund গঠন। যা ভারতীয় জাহাজগুলির জন্য সস্তায় বিমার কভারেজ দেবে। এ ছাড়াও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY)-র মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এই প্রকল্পে অতিরিক্ত ৩,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানা গিয়েছে।