• নির্বাচনী প্রচারে এসে কমিশনকে তীব্র কটাক্ষ হেমন্তের
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৬
  • এই সময়, পুরুলিয়া: ‘বিজেপি নয়, বাংলার ভোটে লড়ছে নির্বাচন কমিশন।’ শনিবার পুরুলিয়ায় নির্বাচনী প্রচারে এসে এ কথা বললেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। এ দিন তৃণমূল প্রার্থীদের সমর্থনে পুরুলিয়ার কাশীপুর, মানবাজার ও বান্দোয়ানে পর পর তিনটি সভা করেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী। আগাগোড়াই তাঁর নিশানায় ছিল গেরুয়া শিবিরের নীতি ও বিজেপি।

    তিনি বলেন, ‘এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। তাই ঝাড়খণ্ড থেকে বাংলায় মমতাদিদির পাশে দাঁড়াতে এসেছি।’ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায়, দেশে আদিবাসী, দলিত, মহিলা, কৃষকদের অবস্থা কেমন। মহিলাদের সম্মান নেই। তাঁদের সম্মানহানির ঘটনায় বিজেপির জনপ্রতিনিধিদের একাংশের নামই সামনে এসেছে। যেখানে ডাবল ইঞ্জিন সরকার, সেখানেই বিভাজনের রাজনীতি। সমাজে বিজেপি বিষ ঢুকিয়ে দিতে চাইছে।’ বিজেপি ভোট চুরি করে জেতে বলেও কটাক্ষ করেন তিনি।

    ব্যাপারীদের সঙ্গে কেন্দ্রের শাসকদল বিজেপির তুলনা টেনে হেমন্ত বলেন, ‘যে দেশে রাজা ব্যাপারী, সে দেশে প্রজারা ভিখারি হয়েই থাকেন। এঁদের মুখে রাম নাম, বগলে ছুরি।’ বিজেপির কড়া সমালোচনা করে তিনি আরও বলেন, ‘যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তাতে দেশে বিজেপি থাকলে থালায় একটা দানাও জুটবে না। এর সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের মদতে যথেচ্ছ পাহাড় কাটা হচ্ছে, জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।’ জল, জঙ্গল, জমির অধিকার হারালে আদিবাসী মানুষজন যাবেন কোথায়, ভাষণে সেই প্রশ্নও তোলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

    মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের উন্নয়নের জন্য বাংলায় যে সমস্ত প্রকল্প নিয়েছেন, সেগুলি তিনি আগামী দিনে নিজের রাজ্যে চালু করবেন বলেও এ দিন ঘোষণা করেন তিনি। তাঁর কথায়, ‘গরিব, প্রান্তিক মানুষের চোখের জল কেউ মুছিয়ে দেয় না। শুধুমাত্র মমতাদি এই কাজ করছেন।’ এ দিন তিনটি সভাতেই আদিবাসী মানুষজন ধামসা-মাদল বাজিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। তিনটি সভাতেই হিন্দির পাশাপাশি সাঁওতালি ভাষাতেও বক্তব্য রাখেন তিনি।

  • Link to this news (এই সময়)