• প্যাচপ্যাচে গরম বাড়ার আশঙ্কা দক্ষিণবঙ্গে, বৃষ্টিতে ভিজছে উত্তর, ভোটের আবহে ‘ডাবল গেম’ আবহাওয়ার?
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৬
  • আবহাওয়ার মতিগতি বোঝা এখন দায়। একদিকে দক্ষিণবঙ্গ যখন ভ্যাপসা গরমে পুড়ছে, তখন ঝমঝমিয়ে বৃষ্টি উত্তরবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পূর্ব বাংলাদেশ ও অসম সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। সেই কারণেই বারবার ভোল বদল আবহাওয়ার।

    সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। তবে বেলা বাড়ার সঙ্গে বাড়বে রোদের তেজ। আপাতত শহরে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় অস্বস্তি বাড়বে শহরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম।

    রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার থেকে কমবে বৃষ্টির দাপট। তবে ঝাড়গ্রাম, মেদিনীপুর ও নদিয়ায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে সোমবার। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বৃহস্পতিবার থেকে পুনরায় দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি। তবে বৃষ্টি হলেও কমবে না অস্বস্তি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে বেশ কিছুটা। গরমের বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে।

    উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে বইতে পারে প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সোমবার পর্যন্ত বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায়। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বৃহস্পতিবার ফের দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।

  • Link to this news (এই সময়)