স্লোগানযুদ্ধে জড়াল তৃণমূল এবং বিজেপি। জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগানের এই যুদ্ধে উত্তেজনা ছড়াল বর্ধমানে। পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হল।
বর্ধমান শহরের রথতলা এলাকার ঘটনা। প্রচারে বেরিয়েছিলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস। সেই প্রচার ঘিরেই স্লোগানযুদ্ধে জড়ায় দুই যুযুধান পক্ষ। বিজেপির অভিযোগ, প্রচারে বাধা তৈরি করতেই তৃণমূলের কিছু লোকজন বিজেপি প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। তা দেখে বিজেপি কর্মীরাও পাল্টা স্লোগান দেন। তাতেই উত্তেজনা তৈরি হয় এলাকায়।
মৌমিতা বলেন, ‘পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, রবিবার রথতলা এলাকায় প্রচারে গিয়েছিলাম। ওখানে আমার প্রচারে বাধা সৃষ্টি করা হয়। পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝতে পেরে তৃণমূলই এই ধরনের কাজ করছে। কিন্তু মানুষ এ সবের জবাব দেবে ভোটে।’
তৃণমূল অবশ্য বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পূর্ব বর্ধমানে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, ‘এই গোটা ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগই নেই। বিজেপির লোকেরা এলাকায় প্ররোচনা ছড়ানোর চেষ্টা করছিল। এলাকার শান্তি বজায় রাখতে স্থানীয়রাই বিজেপি প্রার্থীকে অনুরোধ করে বলেন, প্ররোচনামূলক স্লোগান দেবেন না। কিন্তু সেই কথায় বিজেপি কর্ণপাত না করাতেই স্থানীয়রা প্রতিবাদ করেন।’