• নন্দীগ্রামে দাপুটে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দাপুটে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ। উদ্ধার বেশ কয়েকটি তাজা বোমা। তৃণমূল নেতা ও জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলামের বাড়িতে এই বিস্ফোরণের ঘটেছে বলে জানা গিয়েছে।

    যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেটি নন্দীগ্রামের দাউদপুরে।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধার করেছে বোমা। বিরোধীদের অভিযোগ, ভোটের মুখে বাড়িতে বোমা মজুদ করেছিলেন ওই নেতা। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

    পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দাউদপুর এলাকায় তৃণমূল নেতা শামসুল ইসলামের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একাধিক তাজা বোমা উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।

    শামসুল ইসলাম জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ হিসেবেও পরিচিত। ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

    শামসুলের স্ত্রী রুবিনা পারভিন জানিয়েছেন, সকালে বাড়ির সিঁড়ির তলায় একটি পলিথিনে মোড়া সন্দেহজনক প্যাকেট দেখতে পান পরিবারের সদস্যরা। সেটি সরানোর সময় আচমকাই বিস্ফোরণ ঘটে।

    বিস্ফোরণে শামসুল ইসলামের ছেলে আহত হন বলে পরিবার সূত্রে দাবি। সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে তল্লাশি চালিয়ে আরও কয়েকটি তাজা বোমা উদ্ধার করা হয় বলে জানা যায়। একটি ছোট বাক্সও উদ্ধার হয়েছে, যার ভিতরে কী রয়েছে তা এখনও স্পষ্ট নয়।

    খবর ছড়াতেই তড়িঘড়ি বম্ব স্কোয়াডকে ডাকা হয়। বিরোধীদের অভিযোগ, ভোটের আগে এলাকায় সন্ত্রাস তৈরির উদ্দেশ্যে বাড়িতে বোমা মজুত করা হয়েছিল।

    বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সন্ত্রাস করে ভোট লুটের ছক কষতে গিয়েই নিজেদের ফাঁদে পড়েছে তৃণমূল। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

    অন্যদিকে, শামসুল ইসলামের পরিবারের পাল্টা দাবি, বিজেপি ষড়যন্ত্র করে ওই প্যাকেট বাড়ির ভিতরে সুযোগ বুঝে রেখে গিয়েছিল। একই দাবি নন্দীগ্রাম তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে।

    গোটা ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নন্দীগ্রামের মতো স্পর্শকাতর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
  • Link to this news (আজকাল)