• মোদির ভাষণ প্রসঙ্গে পাল্টা আক্রমণ শানালেন মমতা
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মহিলা সংরক্ষণ বিল নিয়ে শনিবার রিরোধীদের একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তারই পাল্টা মোদিকে চাঁচাছোলা আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।

    শনিবারে প্রধানমন্ত্রী রীতিমত বিরোধী দলগুলির নাম করে আক্রমণ শানিয়েছিলেন। এদিন বাংলার মুখ্যমন্ত্রী তার পাল্টা হিসেবে তুলে ধরলেন পরিসংখ্যান। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী দাবি করেন, তৃণমূল কংগ্রেস বরাবরই রাজনৈতিক প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে মহিলাদের সংখ্যা বৃদ্ধির পক্ষে অবস্থান নিয়েছে।

    এক্স পোস্টে মমতা লেখেন, ‘আমি স্পষ্ট জানিয়ে রাখতে চাই, বরাবরই রাজনৈতিক প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে মহিলাদের সংখ্যা বৃদ্ধির পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের দলে সংসদ এবং রাজ্য বিধানসভায় সর্বোচ্চ সংখ্যক মহিলা নির্বাচিত প্রতিনিধি রয়েছেন। লোকসভায় আমাদের নির্বাচিত সদস্যদের ৩৭.৯% মহিলা। রাজ্যসভায় আমরা ৪৬% মহিলা সদস্য মনোনীত করেছি। মহিলাদের সংরক্ষণ নিয়ে বিরোধিতার প্রশ্নই ওঠে না।’

    তৃণমূল সুপ্রিমোর দাবি, মহিলা সংরক্ষণ বিলকে ঢাল হিসেবে ব্যবহার করে ডিলিমিটেশন প্রক্রিয়া চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। যার মাধ্যমে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা করছে বিজেপি।




    তিনি বলেন, ‘মোদি সরকার যে ডিলিমিটেশন প্রক্রিয়া চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সেখানে মহিলাদের ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা করা হচ্ছে। আমরা বিরোধিতা করছি সংবিধান পরিবর্তনের, দেশের বিভাজনের এই চেষ্টার যেখানে রাজনৈতিক মানচিত্র নতুন করে এঁকে বিজেপি-শাসিত রাজ্যগুলিকে বেশি প্রতিনিধিত্ব দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এটা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত।’

    মমতা প্রশ্ন তোলেন, ‘যদি সরকার সত্যিই এই গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তরিক হত, তাহলে ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর মহিলাদের সংরক্ষণ বিল পাস হওয়ার পর প্রায় তিন বছর অপেক্ষা করল কেন? একাধিক রাজ্যে নির্বাচন চলাকালীন হঠাৎ তাড়াহুড়ো করে এটা কার্যকর করার চেষ্টা কেন? কেন এটাকে ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত করা হচ্ছে?’

    নরেন্দ্র মোদিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, পরেরবার যখন আপনি দেশকে সম্বোধন করবেন, তখন সাহস থাকলে সংসদের মেঝেতে দাঁড়িয়ে বলুন। যেখানে আপনাকে জবাবদিহি করতে হয়, প্রশ্নের মুখোমুখি হতে হয়। আপনি যা করেছেন, তা ভীরুতা, ভণ্ডামির উদাহরণ। আপনি বুঝতে পারছেন ক্ষমতা আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে আর সেটাকে আঁকড়ে ধরে রাখতে আপনি যে কোনও পর্যায়ে যেতে প্রস্তুত।’
  • Link to this news (আজকাল)