আজকাল ওয়েবডেস্ক: আই-প্যাক ইস্যুতে তারকেশ্বরের প্রচার সভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। রাজ্যের শাসক দলের পরামর্শদাতা সংস্থার কর্মীদের চাকরি সংক্রান্ত আশ্বাস দিলেন তিনি। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতার সাফ কথা, "শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সঙ্গে যুক্ত হবে, এবং আমরা ওদের চাকরি দেব। ওটা মাথায় রেখে দিন যে, আমি একটি ছেলেকেও চাকরি-ছাড়া করব না।" এই বিষয়ে তাঁর সঙ্গে ফোনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিরও কথা হয়েছে বলে জানান তৃণমূলের চেয়ারপার্সন।
কী বলেছেন তৃণমূল নেত্রী?
পশ্চিমবঙ্গে নাকি আগামী ২০ দিন কাজ বন্ধ করে দিচ্ছে ভোটকুশলী সংস্থা 'ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি' বা 'আই-প্যাক'। রবিবার এই খবর সামনে আসে। যা নিয়ে তুমুল চর্চা শুরু হয়। এই 'আই-প্যাক'-ই রাজ্যের শাসক দলের পরামর্শদাতা সংস্থা। জানা যায়, আইনি বাধ্যকতার দরুন কর্মীদের বাংলায় কাজ বন্ধ করে দেওয়ার কথা ই-মেল মারফৎ জানানো হয়েছে।
বিষয়টিকে আগেই 'ভিত্তিহীন ও বিভ্রান্তিকর' বলে বিবৃতি দিয়ে জানিয়েছিল রাজ্যের শাসক দল। তৃণমূলের দাবি, 'বাংলার মানুষ গণতান্ত্রিক পন্থায় এর সমুচিত জবাব দেবে। ৪ঠা মে প্রকাশিত ফলাফলেই তাদের সেই রায় প্রতিফলিত হবে।'
পরে তারকেশ্বরের প্রচারসভায় আই-প্যাক সংক্রান্ত বিষয়ে সোচ্চার হন মমতা। তৃণমূল নেত্রী বলেন, "রোজই ইডি রেড করছে, আরে ইলেকশনের সময় কেন? যারা আমাদের পার্টির কাজ করে, তুমি সেই এজেন্সিকে বলছ বাংলা ছেড়ে চলে যাও। কেন? তোমার তো পঞ্চাশটা আছে, আমাদের তো ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সঙ্গে যুক্ত হবে, এবং আমরা ওদের চাকরি দেব। ওটা মাথায় রেখে দিন যে, আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সঙ্গে কথা বলেই এসেছি। পরিষ্কার বলি, এই চক্রান্ত, আর কত অনাচার করবে, আর কত ভোট কাটবেন? এরপর তো এনআরসি করবেন।"
তৃণমূলের প্রতিক্রিয়া:
বাংলায় আই-প্যাকের কাজল বন্ধের খবর প্রসঙ্গে বিবৃতি জারি করেছে তৃণমূল। সেখানে বলা হয়েছে, 'আমাদের নজরে একটি সংবাদ প্রতিবেদন এসেছে, যেখানে দাবি করা হয়েছে যে আই-প্যাক আগামী ২০ দিনের জন্য পশ্চিমবঙ্গে তাদের কার্যক্রম স্থগিত রেখেছে। এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি মাঠপর্যায়ে বিভ্রান্তি সৃষ্টির একটি সুপরিকল্পিত প্রচেষ্টা বলে প্রতীয়মান হয়।'
এই ধরনের প্রতিবেদনকে 'উদ্দেশ্য প্রণোদিত অপচেষ্টা' বলেও অভিযোগ জোড়া-ফুল শিবিরের। বিবৃতিতে বলা হয়েছে, 'আই-প্যাক-এর পশ্চিমবঙ্গ দল এআইটিসি-এর সাথে পূর্ণোদ্যমে যুক্ত রয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার কার্যক্রম অব্যাহত আছে। এই ধরনের প্রচারণামূলক বয়ানগুলো মূলত মাঠপর্যায়ের স্পষ্ট জনমতের দিক থেকে দৃষ্টি সরানোর একটি উদ্দেশ্যপ্রণোদিত অপচেষ্টা।'
তৃণমূলের দাবি বঙ্গবাসী কোনওমতেই 'ভুল তথ্য বা কোনও প্রকার ভয়ভীতির কাছে নতি স্বীকার করবে না এবং এর জবাব মিলবে ইভিএম-এ'। বিবৃতিতে উল্লেখ, 'বাংলার মানুষ এই অপচেষ্টাগুলো সহজেই অনুধাবন করতে সক্ষম এবং তারা গণতান্ত্রিক পন্থায় এর সমুচিত জবাব দেবে। পশ্চিমবঙ্গ ভুল তথ্য বা কোনও প্রকার ভয়ভীতির কাছে নতি স্বীকার করবে না। ২৩শে এবং ২৯শে তারিখে তারা অত্যন্ত দৃঢ়তার সাথে তাদের জবাব দেবে এবং ৪ঠা মে প্রকাশিত ফলাফলেই তাদের সেই রায় প্রতিফলিত হবে।'
ই-মেলে কাজ বন্ধের নোটিশ:
রবিবার সকালে খবর ছড়ায় যে, আই-প্যাক কর্মীদের কাছে শনিবার মধ্যরাতে কাজ বন্ধ সংক্রান্ত ই-মেল এসেছিল। তাতে নাকি উল্লেখ রয়েছে, আই-প্যাক কর্তৃপক্ষ আইনকে শ্রদ্ধা করে এবং গোটা প্রক্রিয়ায় সহযোগিতা করছেন। কর্তৃপক্ষ নিশ্চিৎ যে নির্দিষ্ট সময়ে বিচার মিলবে। যে কোনও প্রয়োজনে কর্তৃপক্ষের সঙ্গে কর্মীরা যোগাযোগ করতে পারবেন। তবে আপাতত আই-প্যাকের কর্মীদের ধৈর্য ধরতে হবে।