• টিপ, তিলকে আপত্তি নেই! বিতর্কে পিছু হটে নয়া পোশাক বিধি লেন্সকার্টের
    প্রতিদিন | ১৯ এপ্রিল ২০২৬
  • বোরখা, হিজাবে অনুমতি থাকলেও আপত্তি ছিল টিপ, তিলকে। এই ঘটনায় বিতর্ক চরম আকার নিতেই এবার পিছু হঠল দেশের জনপ্রিয় চশমার ব্র্যান্ড লেন্সকার্ট। যাবতীয় বিতর্ক থামাতে এবার সংস্থার তরফে জারি করা হল নয়া পোশাক বিধি। যেখানে বলা হয়েছে, স্টোরের ভিতরে কর্মীরা টিপ, তিলক, সিঁদুর, মঙ্গলসূত্র, হিজাব বা পাগড়ি পরতে পারবেন। কর্মীদের সাংস্কৃতিক বা ধর্মীয় পরিচয় প্রকাশে কোনও সমস্যা নেই।

    নয়া নির্দেশিকায় সংস্থার তরফে জানানো হয়েছে, কাজের জায়গায় ‘প্রফেশনাল লুক’ বজায় রাখার পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়কেও সম্মান জানানো হবে। কর্মস্থলে পেশাদারি পরিবেশের সঙ্গে বহুত্ববাদ ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান করে লেন্সকার্ট। এরপরই পোশাকবিধি স্পষ্ট করে সংস্থা জানিয়েছে, সংস্থার দেওয়া টি শার্ট, ডার্ক ব্লু স্ট্যান্ডার্ড জিন্স, গাঢ় রঙের পা ঢাকা জুতো পরতে হবে কর্মীদের এর সঙ্গে মঙ্গলসূত্র, টিপ, চুড়ি, তিলক, সিঁদুর এবং নিরাপদ হলে হিজাব, পাগড়িও পরা যাবে। পরা যাবে না, ছেঁড়া বা বিবর্ণ পোশাক, বড় লোগো ওয়ালা টি-শার্ট, খোলা জুতো বা স্লিপার, আপত্তিকর বা বৈষম্যমূলক বার্তা দেয় এমন পোশাক ব্যবহার করা যাবে না।

    উল্লেখ্য, লেন্সকার্ট নিয়ে বিতর্কের সূত্রপাত গত সপ্তাহে। এক সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘লেন্সকার্ট প্রধান তাঁর সংস্থার কর্মচারীদের নির্দেশ দেন, অফিসে হিজাব পরে আসা যাবে। কিন্তু তিলক বা টিপ পরা যাবে না। সংস্থাটি ভারতে অবস্থিত। অধিকাংশ কর্মীই হিন্দু। কিন্তু তা-ও সংস্থায় রয়েছে এ ধরনের নীতি।’ তিনি দাবি করেন, সংস্থার পোশাক সংক্রান্ত যে নির্দেশিকা রয়েছে, তা তাঁর কাছে রয়েছে। পাশাপাশি, তিনি তাঁর পোস্টে এই সংক্রান্ত একটি লিঙ্কও শেয়ার করেন। এরপরই বিতর্কের ঝড় ওঠে।

    এরপরই এই ইস্যুতে মুখ খোলেন সংস্থার সিইও পীযূষ বনসল। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘অনলাইনে যে নথিটি শেয়ার করা হয়েছে, সেটি সংস্থার বর্তমান নির্দেশিকার সঙ্গে মিলছে না। লেন্সকার্টের নীতিমালায় ধর্মীয় আচার-আচরণ এবং মতপ্রকাশের উপর কোনও বিধিনিষেধ নেই।’ তিনি বলেন, “টিপ কিংবা তিলক পরা নিয়েও কোনও বিধিনিষেধ নেই। আমরা নিয়মিত আমাদের সংস্থার নির্দেশিকা পর্যালোচনা করি। সময়ের সঙ্গে সঙ্গে তা পরিবর্তনও করা হয়।”
  • Link to this news (প্রতিদিন)