• অভিযানের মধ্যেই ডিসি শান্তনুর পুত্রকে নিয়ে পার্ক স্ট্রিটে ইডি, বললেন, ‘এটা শুভেন্দু অধিকারীর চাল’
    প্রতিদিন | ১৯ এপ্রিল ২০২৬
  • আগামী সপ্তাহেই রাজ্যে প্রথম দফার নির্বাচন। ২৩ এপ্রিল ভোট রয়েছে প্রথম দফার। তার আগেই বঙ্গে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রবিবার সকাল থেকেই কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তল্লাশি চলছে তাঁর ছেলের কোচিং সেন্টারেও। তবে নির্বাচনের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা ‘শুভেন্দু অধিকারীর চাল’ বলেই দাবি করলেন পুলিশকর্তার ছেলে। তাঁর কথায়, সাধারণ একটা তদন্ত চলছে। বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সবরকম তদন্তে সহযোগিতা করা হচ্ছে।

    এদিন ভোরে পুলিশকর্তার বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সোনা পাপ্পুর মামলায় এই অভিযান চালানো হচ্ছে। দুপুরের দিকে শান্তনুর ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন ইডি আধিকারিকরা। তাঁকে পার্ক স্ট্রিটের একটি কোচিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, ওই কোচিং সেন্টারটি পুলিশকর্তার ছেলের। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”সাধারণ একটি তদন্ত চলছে। বাবা, আমি বাড়িতেই ছিলাম। সাধারণ কিছু কাগজপত্র যাচাই করে দেখা হচ্ছে। বাবার সঙ্গেও কথা বলেছেন। সব ঠিক আছে।” এরপরেই তাঁর অভিযোগ, ”এটা শুভেন্দু অধিকারীর চাল। আর কিছু না।” এরপরেই ইডি আধিকারিকদের সঙ্গে ওই কোচিং সেন্টারে ঢুকে যান পুলিশকর্তার ছেলে।

    শান্তনুর সিংহ বিশ্বাসের বাড়ির পাশাপাশি সোনা পাপ্পুর মামলায় এদিন ভোরে বেহালার ব্যবসায়ী জয় কামদারের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। জয়ের বাড়িতে এর আগে তল্লাশি চালিয়ে বিপুল নগদ এবং সোনা উদ্ধার করেছিল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। নতুন করে সোনা পাপ্পু এবং জয়ের বিষয়ে বেশ কিছু নতুন তথ্য হাতে আসে। সেই সূত্র ধরেই এদিন জয়ের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। এরপর সেখান থেকে তাঁকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে বলে জানা যাচ্ছে। 
  • Link to this news (প্রতিদিন)