আর্থিক তছরুপের অভিযোগে অবশেষে বেহালার ব্যবসায়ী জয় কামদারকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে ১১০০ কোটি টাকার আর্থিক বেনিয়মের অভিযোগ রয়েছে। রবিবারই তাঁকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে হাজির করিয়ে নিজের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে।
বেহালার জ্যোতিষ রায় রোডের বাসিন্দা কামদার। রবিবার সকালেই তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, কামদারের বাড়ির সামনে পৌঁছে বেশ কিছুক্ষণ তাঁদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। পরে, যখন তাঁরা ভিতরে প্রবেশ করেন, তখনও কামদারের দেখা মেলেনি। অনেক পরে তিনি তদন্তকারী আধিকারিকদের সামনে এসেছিলেন। এর পর তদন্তে অসহযোগিতার অভিযোগেই কামদারকে আটক করেন তদন্তকারীরা। সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয় সিজ়িও কমপ্লেক্সে। সেখানেও জিজ্ঞাসাবাদ করা হয়। তার পর বিকেলে তাঁকে গ্রেপ্তার করেন ইডি আধিকারিকেরা। তল্লাশি অভিযানে তাঁর বাড়ি থেকে এক কোটি টাকা পাওয়া গিয়েছে বলেও খবর ইডি সূত্রে।
অতীতেও কামদারের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সে বার বেআইনি নির্মাণ কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, সম্প্রতি কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি অভিযানের সূত্র ধরেই কামদারের নাম উঠে আসে। তাঁকে বার দুয়েক তলবও করা হয়েছিল। কিন্তু, তিনি হাজিরা দেননি। তার পরেই রবিবার ব্যবসায়ীর বাড়িতে হানা দেন তদন্তকারীরা।