• ব্যালট পেপার ভোট দিতে না পারায় বিক্ষোভ, উলুবেড়িয়ায় পথ অবরোধ ভোটকর্মীদের
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৬
  • ব্যালট পেপারে ভোট দিতে না পেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ভোটকর্মীদের। রবিবার বিকেলে উলুবেড়িয়া কলেজের সামনে ওটি রোডে বিক্ষোভ দেখান তিনি। এ দিন আমতা বিধানসভা কেন্দ্রের ভোটকর্মীদের প্রশিক্ষণের জন্য ডাকা হয়েছিল। প্রশিক্ষণ শেষে পোস্টাল ব্যালটে তাঁদের ভোট দেওয়ার কথা ছিল। অভিযোগ, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার কথা থাকলেও ব্যালট পেপার এসে পৌঁছয়নি। খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মীদের একাংশ। তাঁরা কলেজের সামনের রাস্তা আটকে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। তবে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন ভোটকর্মীরা।

    বিক্ষোভকারীদের দাবি, তাঁদের ভোটের কাজে নিয়োগ করা হয়েছে। অথচ তাঁরাই ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। ভোটকর্মী মিলন মাজি বলেন, ‘রবিবার ভোটের প্রশিক্ষণের জন্য আমাদের ডাকা হয়েছিল। সেই সঙ্গে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ারও কথা ছিল। কিন্তু আমাদের জন্য ব্যালট পেপার আসেনি।’

    এ দিন অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি বয় ওটি রোডে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ ও প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, কর্মীদের চিন্তার কোনও কারণ নেই। সমস্ত ভোটকর্মীই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

    হুগলির খানাকুলের ভোটকর্মী স্মৃতিকণা বলেন, ‘পোস্টাল ব্যালটে ভোট দিতে গিয়ে জানতে পারি ব্যালট আসেনি। এমনকী তালিকাতেও নাম আসেনি। আমাদের বলা হয়েছে ফর্ম ১২ ফিলাপ করতে যাতে পরে ভোট দেওয়া যায়। কিন্তু আমার মনে হয় না কিছু হবে।’

  • Link to this news (এই সময়)