• কোলের শিশুকে ড্রেনের পাশে ফেলে পালাচ্ছিলেন মা, হাতেনাতে ধরল এলাকাবাসী, ধূপগুড়িতে শোরগোল
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৬
  • পাঁচ মাসের শিশুকে ড্রেনের পাশে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা মায়ের। ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা ঘিরে ধরেন ওই মহিলাকে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনি পাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। তারা মহিলা ও শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    সূত্রের খবর, আটক মহিলার নাম জুলি সরকার। তিনি শিলিগুড়ির বাসিন্দা। স্থানীয় যুবতী রিয়া সেন প্রথমে ঘটনাটি লক্ষ্য করেন। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। সকলে মিলে ওই মহিলাকে ঘিরে ফেলেন। পরে, খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়।

    পুলিশ জানিয়েছে, জুলির দু’বার বিয়ে হয়েছে। তাঁর দু’টি সন্তান রয়েছে। যে সন্তানকে ফেলে পালিয়ে যাচ্ছিলেন তিনি, সেটি দ্বিতীয় পক্ষের। বেশ কিছুদিন ধরেই স্বামীর সঙ্গে বিবাদ চলছিল জুলির। এমনকী তাঁকে বাড়ি থেকেও বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর্থিক অনটনের কারণে দিশেহারা হয়ে পড়েন জুলি। সেই কারণে শিশুকে স্বামীর কাছে রেখে যেতে এসেছিলেন। কিন্তু স্বামীর খোঁজ না পেয়ে শেষমেশ শিশুটিকে ফেলে রেখে চলে যাওয়ার চেষ্টা করেন তিনি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    জুলি বলেন, ‘আমার দু’টি সন্তান রয়েছে। আমি শনিবার রাতে ধূপগুড়ি হাসপাতালের যাত্রী প্রতীক্ষালয়ে ছিলাম। আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সে পালিয়ে গিয়েছে। আমি তাকে খুঁজতে এসেছিলাম। কিন্তু তার দেখা না পাওয়ায় একটি বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাচ্ছিলাম। আমি এই বাচ্চাকে নেব না।’

  • Link to this news (এই সময়)