• শ্রীনগর বিমানবন্দরে ব্যাগের ভিতর সন্দেহজনক বস্তু, আটক দুই মার্কিন নাগরিক
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
  • শ্রীনগর, ১৯ এপ্রিল: শ্রীনগর বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি চলার সময় দুই মার্কিন নাগরিককের ব্যাগ থেকে স্যাটেলাইট ফোন উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রবিবার। নিরাপত্তারক্ষীরা জানতে পেরে  আটক করে ওই দুই ব্যক্তিকে। বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা রুটিন চেকিংয়ের সময় তাদের ব্যাগে একটি সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে তল্লাশি চালিয়ে একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করেন তাঁরা। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এবং আগামী তদন্তের জন্য তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

    আটক ব্যক্তিদের মধ্যে একজনের নাম জিওফ্রি স্কট। তিনি যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের বাসিন্দা। তার লাগেজ থেকেই স্যাটেলাইট ফোনটি উদ্ধার করা হয়েছে। ভারতে বিনা অনুমতিতে স্যাটেলাইট ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অনুমতি ছাড়া এইসব ডিভাইস বিমানে বহন করলে ভারতীয় টেলিগ্রাফ আইনসহ অন্যান্য নিরাপত্তা বিধির আওতায় আটক, গ্রেপ্তার এবং ডিভাইস জব্দ পর্যন্ত করা হয়। নিরাপত্তাজনিত কারণে ভারতে টেলিযোগাযোগ ব্যবস্থায় কড়া নিয়ম কার্যকর রয়েছে। অতীতেও এ ধরনের ঘটনার জন্য বিদেশি নাগরিক এবং ভারতীয়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

    গত বছরের মে মাসে, এক মার্কিন চক্ষু বিশেষজ্ঞকে পুদুচেরি বিমানবন্দরে একই কারণে আটক করা হয়েছিল। তাঁর কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন পাওয়া গিয়েছিল। এ ধরনের ঘটনা রোধ করতে, ২০২৫ সালের ৩০ জানুয়ারি ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন বিমান সংস্থাগুলিকে নির্দেশ দেয় যে, ভারতে আসা যাত্রীদের স্যাটেলাইট ফোন নিষিদ্ধ করতে হবে। 
  • Link to this news (বর্তমান)