• মহিলা বিল নিয়ে সমাজ মাধ্যম থেকে জনসভা নরেন্দ্র মোদিকে তোপ মমতার
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলা সংরক্ষণ সংশোধনী বিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে বিভ্রান্ত করছেন বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার এক্স হ্যান্ডেলে তোপ দাগেন। নিজের দীর্ঘ পোস্টে মমতা বলেন, তৃণমূল সবসময় মহিলাদের জন্য উচ্চতর রাজনৈতিক প্রতিনিধিত্বের পক্ষে জোরালো দাবি করে এসেছেন। সংসদ এবং বিধানসভা উভয় ক্ষেত্রেই তৃণমূলের নির্বাচিত নারী প্রতিনিধির অনুপাত সব থেকে বেশি। লোকসভায় তাদের নির্বাচিত সাংসদদের মধ্যে ৩৭.৯ শতাংশ মহিলা। রাজ্যসভায় ৪৬ শতাংশ মহিলা প্রতিনিধি তৃণমূল কংগ্রেস মনোনীত করেছে। সুতরাং মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করার প্রশ্নই ওঠে না তৃণমূলের পক্ষে। 

    মমতা লিখেছেন, তারা মূলত ডিলিমিটেশন প্রক্রিয়ার বিরোধিতা করেছেন। যা মোদি সরকার নিজস্ব রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য মহিলা সংরক্ষণ বিল কে সামনে রেখে জোর করে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। নিজের পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, যদি কেন্দ্রীয় সরকার সত্যিই আন্তরিকভাবে চাইত এই বিল পাস করতে তাহলে ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর মহিলা সংরক্ষণ বিল পাস হওয়ার পরেও তারা কেন প্রায় তিন বছর অপেক্ষা করলো। যখন দেশের বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন চলছে তখন কেন এই বিলটি পাস করানোর চেষ্টা হল। কেনই বা তাকে ডিলিমিটেশন প্রক্রিয়ার সঙ্গে জুড়ে দেওয়া হল। এরপর নরেন্দ্র মোদিকে তৃণমূল নেত্রীর চ্যালেঞ্জ, ভবিষ্যতে তিনি যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তাহলে যেন সাহস করে সংসদের অধিবেশন কক্ষ থেকে তা করেন। মমতার মতে, গতকাল মেদি যা করেছেন তা ছিল কাপুরুষোচিত এবং দ্বিচারিতাময়। 

    শুধু সমাজমাধমেই নয়, এদিন জনসভার মঞ্চেও মোদিকে তোপ দাগেন তৃণমূল নেত্রী। প্রসঙ্গত, গতকাল জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীরা মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের বিরোধিতা করে মহিলাদের অধিকারের ভ্রূণকে এক প্রকার হত্যা করেছে। আজ তার জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (বর্তমান)