• লাগেজে ‘নিষিদ্ধ ফোন’, শ্রীনগর বিমানবন্দরে আটক ২ আমেরিকান
    এই সময় | ২০ এপ্রিল ২০২৬
  • শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক দুই আমেরিকান নাগরিক। রবিবার তাঁদের লাগেজে রুটিন তল্লাশির সময়ে একটি স্যাটেলাইট ফোন মেলে। তাই এই পদক্ষেপ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে সাধারণ যাত্রীদের জন্য এই ধরনের যোগাযোগ মাধ্যম অর্থাৎ, স্যাটেলাইট ফোন ব্যবহার করা বেআইনি।

    শ্রীনগর বিমানবন্দর আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের নাম জিওফ্রি স্কট। তিনি আমেরিকার মন্টানার বাসিন্দা। রবিবার এক্স-রে মেশিনে স্ক্যান করার সময়ে তাঁর লাগেজ থেকে একটি গারমিন (Garmin) সংস্থার স্যাটেলাইট ফোন উদ্ধার হয়। CISF এবং বিমানবন্দর কর্তৃপক্ষের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে বিশদ তদন্তের জন্য ওই ধৃত আমেরিকানদের স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছে।

    টেলিকমিউনিকেশন দপ্তরের নিয়ম অনুযায়ী, সরকারের আগাম লিখিত অনুমতি ছাড়া ভারতে থুরায়া বা ইরিডিয়ামের মতো স্যাটেলাইট ফোন ব্যবহার বা বহন করা নিষিদ্ধ। জাতীয় নিরাপত্তার স্বার্থে ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট অনুযায়ী এই কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা DGCA-র নির্দেশিকা মেনে যাত্রীদের এই বিষয়ে আগে থেকেই সতর্ক করে উড়ান সংস্থাগুলি।

    আমেরিকা-ব্রিটেনের মতো দেশের ট্রাভেল অ্যাডভাইজ়রিতেও অনুমতি ছাড়া এমন ডিভাইস ভারতে আনলে গ্রেপ্তারি, ডিভাইস বাজেয়াপ্ত করা এবং ২ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর পুদুচেরি বিমানবন্দরেও এক আমেরিকান চিকিৎসককে ইরিডিয়াম স্যাটেলাইট ফোন-সহ আটক করা হয়েছিল।

  • Link to this news (এই সময়)