আই-প্যাকের সহ-প্রতিষ্ঠাতা তথা ডিরেক্টর হলেন ঋষি রাজ সিং। প্রশান্ত কিশোরের সঙ্গে মিলে ২০১৫ সালে এই সংস্থার প্রতিষ্ঠা করেছিলেন তিনি। বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এ তৃণমূল কংগ্রেসের ভোট-কৌশল ও প্রচারের দায়িত্বে রয়েছে আই-প্যাক। পশ্চিমবঙ্গের কয়লা পাচার ও অবৈধ খনন সংক্রান্ত অর্থ পাচার মামলায় তাঁকে তলব করেছে ED বলে জানা গিয়েছে।
ED-র অভিযোগ, কয়লা পাচার চক্রের সঙ্গে যুক্ত এক হাওয়ালা অপারেটরের মাধ্যমে কোটি কোটি টাকা আই-প্যাকের রেজিস্টার্ড কোম্পানি 'Indian PAC Consulting Private Limited'-এ ট্রান্সফার হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে আই-প্যাকের কলকাতার অফিস ও এই সংস্থার আর এক ডিরেক্টর, প্রতীক জৈনের বাড়িতে রেইড করে ED। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হয়ে অভিযোগ করেছিলেন, ED তাদের নির্বাচনী নথি বাজেয়াপ্ত করতে চাইছে। এর পরে ২ এপ্রিল দিল্লিতে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলের বাড়ি, বেঙ্গালুরুতে ঋষি রাজ সিংয়ের বাড়ি ও মুম্বইয়ে প্রাক্তন আপ নেতা বিজয় নায়ারের বাড়িতে একযোগে রেইড চালায় ED। ১৩ এপ্রিল ভিনেশ চান্ডেলকে গ্রেপ্তার করা হয়েছিল।