• যেমন ছিল তেমনই রয়েছে, ভোটের প্রচারে এসে মত আজাহারউদ্দিনের
    এই সময় | ২০ এপ্রিল ২০২৬
  • গত ১৫ বছরে রাজ্যে অনেক উন্নয়ন হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতারা। তবে, রাজ্যে কোনও উন্নয়ন হয়নি বলে দাবি করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিন (Azharuddin)। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ আগে যেমন ছিল এখনও তেমনই রয়েছে।

    রবিবার, ভোটের প্রচারে শ্রীরামপুর এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা তেলঙ্গানা সরকারের মন্ত্রী মহম্মদ আজহারউদ্দিন। এই আসনেই লড়াই করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এ দিন রিষড়া ও শ্রীরামপুরে কংগ্রেস (Congress) প্রার্থীর সমর্থনে প্রচার করেন আজহারউদ্দিন। রবিবারের ওই নির্বাচনী প্রচারে বিজেপি (BJP)র পাশাপাশি তৃণমূল কংগ্রেসকেও নিশানা করেন আজহারউদ্দিন।

    দীর্ঘ দিন পরে রাজ্যে একাই লড়াই করছে কংগ্রেস। ২৯৪ আসনেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনে রাজ্যে একটা আসনেও জিততে পারনি কংগ্রেস। তবে এ বার ভালো ফল করবে কংগ্রেস বলেও আশা ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের। তাঁর দাবি, ‘মানুষের কাছে গেলে বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। অনেকেই বলছেন কংগ্রেসকে পশ্চিমবঙ্গে আনলে উন্নয়ন ও বিকাশ হবে ।’

    একই সঙ্গে তাঁর দাবি রাজ্যে কোনও উন্নয়নই হয়নি। আজহারউদ্দিন বলেন, ‘পশ্চিমবঙ্গের কিছুই উন্নয়ন হয়নি। যেমন ছিল তেমনই রয়েছে। তৃণমূল (Trinamool Congress) যা করার করেছে। তারা আর কিছু করতে পারবে না। আমি এখানে কোনও উন্নয়ন দেখতে পাচ্ছি না।’ তাঁর দাবি, রাজ্যে চাকরি এবং রোজগারের কোনও ব্যবস্থা নেই। শিক্ষিত ছেলেরা অটো চালাচ্ছে। গরিব আরও গরিব হয়ে যাচ্ছে বলেও অভিযোগ তাঁর।

    মহিলা সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অভিযোগ তা ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

    এ দিন, ১৯৭৭ সালে প্রথম বার ইডেন গার্ডেনে খেলার কথাও উঠে আসে তাঁর বক্তব্যে।

  • Link to this news (এই সময়)