প্রথম বর্ষপূর্তির আগেই রেকর্ড ভিড় দিঘার জগন্নাথ মন্দিরে। মন্দির উদ্বোধনের পর থেকে রবিবার পর্যন্ত প্রায় ১ কোটি ৩৩ লক্ষেরও বেশি ভক্ত এখানে এসেছেন। চলতি বছরে এই মন্দিরের এক বছর পূর্ণ হতে চলেছে। বর্ষপূর্তির আগে রেকর্ড ভিড় হওয়ায় খুশি মন্দির কর্তৃপক্ষ।
২০২৫ সালের ৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের উদ্বোধন করেছিলেন। উদ্বোধনের পর থেকেই এখানে দেশ-বিদেশের ভক্তদের ঢল নেমেছে। ভারতের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিদেশ থেকে প্রচুর মানুষ এখানে আসছেন। যার জেরে বড় বদল এসেছে দিঘার অর্থনীতি এবং পর্যটনে।
বর্তমানে ইসকন কলকাতা দিঘার জগন্নাথ মন্দিরের পরিচালনার দায়িত্বে রয়েছে। ইসকন কলকাতার আধিকারিক রাধারমণ দাস জানিয়েছেন, ভক্তদের ভিড় অগাধ বিশ্বাসেরই প্রতিফলন। তিনি আরও জানিয়েছেন, দিঘার জগন্নাথ মন্দির বর্তমানে মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। দিঘার জগন্নাথ মন্দির লক্ষ লক্ষ ব্যবসায়ীকে জীবিকা অর্জনের নতুন দিগন্ত খুলে দিয়েছে। রাধারমণ দাস বলেন, ‘এক বছরের মধ্যেই এই মন্দির আন্তর্জাতিক মহলে বেশ পরিচিতি পেয়েছে। বর্ষপূর্তি অনুষ্ঠানে আরও ভিড় বাড়বে বলে আশা করছি।’
দিঘার জগন্নাথ মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়েছে। এ দিন মন্দিরে নতুন গৌর-নিতাইয়ের বিগ্রহ প্রতিষ্ঠা করা হতে পারে বলে সূত্রের খবর। তবে ভোটের কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড় সামলাতে মন্দির চত্বরে কড়া নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফে। একই সঙ্গে যানবাহন নিয়ন্ত্রণ এবং সুরক্ষায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।