• ‘সাপ-ব্যাঙের সঙ্গে রাত কাটিয়েছি...’, কেন বললেন কাজল? মন্তব্য অনুব্রতকে নিয়েও
    এই সময় | ২০ এপ্রিল ২০২৬
  • যতই কঠিন পরিস্থিতি তৈরি হোক না কেন, তাঁর কোনও অসুবিধা নেই। কারণ তিনি লড়াই করেই উঠেছেন। বাম জমানার প্রতিকূলতা এতই বেশি ছিল যে, তাঁকে মাঠেঘাটে সাপ-ব্যাঙের সঙ্গেও রাত কাটাতে হয়েছে এক সময়ে! ভোটের প্রচারে এমনটাই দাবি করলেন বীরভূমের হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল শেখ। রবিবার দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন তিনি। রাস্তায় হেঁটে হেঁটে প্রচারের মাঝেই কাজল বলেন, ‘সিপিএম আমলে খেতে পেতাম না। মাঠেঘাটে রাত কাটাতাম। সাপ-ব্যাঙের সঙ্গে ঘুমোতাম। আমি কোনও পরিস্থিতিকেই ভয় পাই না।’

    কয়েক দিন আগেই বীরভূমে প্রচারে গিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিউড়ির সেই সভায় কাজল এবং অনুব্রত মণ্ডলের দ্বন্দ্ব নিয়ে জোর জল্পনা হয়েছিল জেলার রাজনীতি। দুই নেতার ‘দ্বন্দ্ব’ তৃণমূল নেত্রীরও নজর এড়ায়নি। এর পরেই বীরভূম জেলা তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন তিনি। রবিবার কাজলের মুখেও নেত্রীর সেই কথাই শোনা গেল। বীরভূমে তৃণমূলের কোর কমিটির সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল জানালেন, জেলায় দলীয় নেতারা ঐক্যবদ্ধ ভাবেই ভোটের প্রচার করছেন। সেই সূত্রে অনুব্রতকেও নিয়ে কাজল বলেন, ‘উনি দীর্ঘদিনের সংগঠক। আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবেই লড়ছি।’

    বীরভূমের রাজনীতিতে কাজল-অনুব্রতের ‘মধুর’ সম্পর্ক কারও অজানা নয়। গরু পাচার মামলায় অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর থেকেই জেলায় কাজলের উত্থান শুরু হয়। এর পর পঞ্চায়েত এবং লোকসভা ভোটে সেখানে ভালো ফলও করে তৃণমূল। কিন্তু জামিনে মুক্তি পেয়ে অনুব্রত জেলায় ফেরার পরেই আবার দ্বন্দ্ব শুরু হয় দুই শিবিরের মধ্যে। তা নিয়ে একাধিক বার প্রকাশ্যেই বার্তা দিতে দেখা গিয়েছে দলনেত্রী মমতাকে। এ-ও জানিয়ে দিয়েছিলেন, বীরভূমে যাঁর যে এলাকা রয়েছে, তিনি সেখানেই সীমাবদ্ধ থাকবেন। কিন্তু নেত্রীর বারবার নির্দেশ সত্ত্বেও পরিস্থিতি যে বদলায়নি, তা-ই দেখা গিয়েছিল সিউড়ির সভায়।

    কাজল অবশ্য সে সব বিষয়কে গুরুত্ব দিতে চাইছেন না। তিনি বলেন, ‘এ বার শান্তিপূর্ণ নির্বাচন হবে। অশান্তি হবে না। গত লোকসভা ভোটের সময়ে অনেকে ভেবেছিলেন, বীরভূমে অশান্তি হবে। হয়নি। আমরা শান্তিপূর্ণ নির্বাচন করে দেখিয়েছি। এ বারও তা-ই হবে। কারণ ভোট তো দেবে মানুষ।’

  • Link to this news (এই সময়)