• জিতলেই ৫০ দিনে নন্দীগ্রামবাসীর স্বপ্নপূরণ: অভিষেক
    আজকাল | ২০ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ছাব্বিশের ভোটেও নজরে নন্দীগ্রাম। এবারেও এই কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে তৃণমূলের বাজি পবিত্র কর। তাঁর সমর্থনেই রবিবার নন্দীগ্রামে প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই নন্দীগ্রামবাসীকে বড় প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক ব্যানার্জি। তবে, সেই প্রতিশ্রুতি পূরণের জন্য শর্তও বেঁধে দিয়েছেন তিনি।

    কী প্রতিশ্রুতি অভিষেকের?পূর্ব মেদিনীপুরের মধ্যে দিয়ে প্রবাহিত হলদি নদীর উপর চাই স্থায়ী সেতু। দীর্ঘদিন ধরেই এই দাবি করে আসছেন নন্দগ্রাম ও তার চারপাশের এলাকার বাসিন্দারা। কিন্তু, সেই দাবি এখনও পূরণ হয়নি। এই নন্দীগ্রামেরই প্রার্থী শুভেন্দু অধিরারী। অথচ দাবিপূরণ না হওয়ায় অসন্তুষ্ট স্থানীয়রা।

    বিষয়টি নজর কেড়েছে তৃণমূলের 'সেকেন্ড-ইন-কমান্ড'-এর। এ দিনের প্রচারে তাই হলদি নদীর উপর সেতু তৈরির কথা তুলে ধরেছেন তিনি। অভিষেক ব্যানার্জি বলেছেন, "আমি কথা দিচ্ছি, নন্দীগ্রামে আপনারা পবিত্র করকে জেতালে  ৫০ দিনের মধ্যে হলদি নদীর উপর পাকা সেতুর শিলান্যাস হবে। কথা দিলে আমরা কথা রাখি। আজ কথা দিয়ে যাচ্ছি। কাজ শুরু হয়ে যাবে ৪ মে-র পরই।"

    শুভেন্দুকে চ্যালেঞ্জ:এছাড়াও এ দিনের প্রচারসভা থেকে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন অভিষেক ব্যানার্জি। বলেছেন, "তিনি ছিলেন বলে নাকি সরকারি কাজ হয়েছে, এমনই দাবি করেন এখানকার বিধায়ক। পাঁচ বছরে নরেন্দ্র মোদির সরকার নন্দীগ্রামের জন্য কী করেছে, শুভেন্দু অধিকারী বলুন। মঞ্চে একদিকে আমি থাকব, অন্যদিকে শুভেন্দু অধিকারী থাকুন। নন্দীগ্রামে বিজেপি বিধায়ক, নরেন্দ্র মোদির সরকার কী করেছে ? লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী রাজ্য সরকারের, নরেন্দ্র মোদির অবদান কী? যাঁরা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাঁরা রাজনৈতিকভাবে দেউলিয়া। মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী, কার ক্ষমতা বেশি সবাই জানে।" 

    রাজ্যের সিইওকে নিশানা করেন অভিষেক। বলেন, 'আমি জানি না শুভেন্দু অধিকারীর ইলেকশন এজেন্ট কে? কিন্তু আমার মনে হয়, আপনি ইলেকশনে লড়ছেন, আর আপনার ইলেকশন এজেন্টের নাম মনোজ আগরওয়াল। আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যে আপনার ইলেকশন এজেন্ট আপনাকে নন্দীগ্রাম, আর অমিত শাহের ইলেকশন এজেন্ট জ্ঞানেশ কুমার বাংলায় বিজেপিকে জেতাতে পারবে না, আর নন্দীগ্রামেও মনোজ আগরওয়াল আপনাকে জেতাতে পারবে না।" 

    অভিষেক ব্যানার্জির আরও প্রতিশ্রুতি যে, মমতা ব্যানার্জির আমল নন্দীগ্রামে যে শান্তি, উন্নয়ন নন্দীগ্রামে শুরু হয়েছিল তা ফের শুরু হবে। 
  • Link to this news (আজকাল)