'পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি...', মোদীর 'গুন্ডারাজ' তকমার পাল্টা যা বললেন অভিষেক
আজ তক | ২০ এপ্রিল ২০২৬
'শান্ত থাকুন, মাথা ঠান্ডা রাখুন', প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে এমনই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে বাঁকুড়ার নির্বাচনী সভা থেকে TMC-র বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছিলেন PM মোদী। বলেছিলেন, ২৯ এপ্রিলের আগেই তৃণমূলের দুষ্কৃতী ও সিন্ডিকেটের সঙ্গে যুক্তদের থানায় গিয়ে আত্মসমর্পণ করা উচিত। তাঁর এই মন্তব্যের সরাসরি জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee)। রবিবার দক্ষিণ ২৪ পরগনার সাগরের জনসভা থেকে পাল্টা আক্রমণ শানান। বলেন, প্রধানমন্ত্রী অযথা ভয় দেখানোর চেষ্টা করছেন। অভিষেক বলেন, 'উনি এসে বলছেন সবাইকে জেলে পাঠাবেন। আমি বলব, আপনি আমার থেকে বয়সে অনেক বড়। পূর্ণ সম্মান রেখে বলছি, আপনি দেশের মানুষের প্রধানমন্ত্রী। শান্ত থাকুন, মাথা ঠান্ডা রাখুন। এখন বুঝে গিয়েছেন, সব চেষ্টা করেও লাভ হচ্ছে না।'
গত কয়েকদিনে বাংলায় প্রচারে এসে বারবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্যে 'গুন্ডারাজ' চলছে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ভোটের পরে বিজেপি ক্ষমতায় এলে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এদিন অভিষেক বলেন, 'কেন্দ্রীয় সংস্থা, আদালত থেকে শুরু করে নির্বাচন কমিশন; সবকিছুকে কাজে লাগিয়েও বিজেপি সুবিধা করতে পারছে না। বাংলার মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে, ফের মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরবেন।'
অভিষেক আরও বলেন, 'যদি সত্যিই বাংলার উন্নয়ন চান, তাহলে বকেয়া টাকা আগে মিটিয়ে দেওয়া হোক। ভোটের পরে নয়, এখনই কেন্দ্রের উচিত মহিলাদের, যুবকদের ও মৎস্যজীবীদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া।'