ভোটের মুখে পশ্চিমবঙ্গে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রবিবার সকালে বেহালার ব্যবসায়ী জয় কামদারকে আটক করে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, আর্থিক তছরূপ সংক্রান্ত একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের পর আটক করা হয়েছে।
সূত্রের খবর, ভোর থেকেই ইডির একাধিক দল সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে। তারই একটি দল বেহালায় কামদারের বাড়িতে পৌঁছয়। অভিযোগ, প্রথমে বাড়ির দরজা না খোলায় দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করতে হয় আধিকারিকদের। পরে দরজা খোলার পর শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।
জয় কামদার দীর্ঘদিন ধরে প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত। বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলায় এর আগেও তাঁর বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। সেই সময় তল্লাশিতে এক কোটি টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছিল বলে জানা যায়। তদন্তকারীরা দাবি করছেন, সাম্প্রতিক অভিযানে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।
এই মামলার সূত্র ধরেই সম্প্রতি কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িতেও তল্লাশি চালানো হয়। সেখান থেকেই জয় কামদারের নাম সামনে আসে বলে সূত্রের দাবি। এরপর তাঁকে একাধিকবার তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে যান বলে অভিযোগ। সেই কারণেই রবিবার সরাসরি তাঁর বাড়িতে পৌঁছে অভিযান চালানো হয়।
অন্যদিকে, একই সূত্র ধরে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতেও এদিন তল্লাশি চালাচ্ছে ইডি। সকাল থেকে সেখানে জোর তল্লাশি চলছে বলে খবর। ভোটের আবহে এই ধারাবাহিক অভিযানকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।