তখন সবে সকাল হয়েছে। আচমকাই কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের (Kolkata Police DC Santani Sinha Biswas) বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরট (Enforcement Directorate)। অবশেষে প্রায় ২০ ঘণ্টা পরে রবিবার মাঝরাতে তাঁর বাড়ি থেকে বেরোলেন তদন্তকারীরা। সূত্র মারফত জানা গিয়েছে, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের বালিগঞ্জের ফ্ল্যাট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করেছে ইডি।
ইডি সূত্রে জানা গিয়েছে, বালিগঞ্জের ফার্ন রোডের ফ্ল্যাটে শান্তনুকে ২০ ঘণ্টা ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। চলেছে তল্লাশিও। তবে ঠিক কী কারণে এবং কোন মামলায় এই তল্লাশি অভিযান তা এখনও অজানা।
গত কয়েক বছর ধরেই কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছেন শান্তনু। এর আগে কয়লা পাচার মামলাতে তাঁকে দিল্লিতে তলব করেছিল ইডি। তবে সেই তলব এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। পাশাপাশি মেডিক্যাল এনআরআই কোটায় ভর্তি সংক্রান্ত দুর্নীতি মামলাতেও তাঁকে ইডি তলব করেছিল বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত সরাসরি তাঁর ফ্ল্যাটেই হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
এ দিন রাত আড়াইটে নাগাদ শান্তনুর বাড়ি থেকে বের হন তদন্তকারীরা। তাঁরা বালিগঞ্জের ফ্ল্যাট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করেছেন বলে জানা গিয়েছে। তবে এই নথিপত্রের সঙ্গে কোন মামলার যোগসূত্র রয়েছে তা এখনও স্পষ্ট নয়। এই নিয়ে মুখ খোলেননি ইডি-র তদন্তকারীরাও।
উল্লেখ্য, গত শুক্রবার রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে হানা দিয়েছিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। তাঁর নির্বাচনী কার্যালয়েও তল্লাশি চালান তাঁরা। ভোটের মুখে এমন ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে যায়। তল্লাশি চলাকালীনই বিক্ষোভে ফেটে পড়েন দেবাশিসের অনুগামীরা। ঘটনার তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।