আর জি কর কাণ্ডের পর একবারও দেখা হয়নি, ভোটের সৌজন্যে অভয়ার মায়ের প্রচারে মোদি!
প্রতিদিন | ২০ এপ্রিল ২০২৬
আর জি কর কাণ্ড নির্বাচনী রাজনীতিতে জড়িয়ে পড়েছে অনেকদিনই। ছাব্বিশের নির্বাচনে (West Bengal Assembly Election) নির্যাতিতা তরুণীর কেন্দ্র পানিহাটি থেকে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তাঁর মা রত্না দেবনাথ। ভেবেচিন্তেই যে কেন্দ্রের শাসকদলের এই সিদ্ধান্ত, সে বিষয়ে কোনও দ্বিমত নেই। এবার সেই আবেগে আরও শান দিয়ে ভোটপ্রচারে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)! সূত্রের খবর, আগামী সপ্তাহে পানিহাটিতে আসতে পারেন তিনি। দলীয় প্রার্থী রত্নাদেবীর সমর্থনে জনসভার সম্ভাবনা। অথবা হতে পারে রোড শো-ও। তবে কর্মসূচি এখনও চূড়ান্ত নয়। খুব শিগগিরই তা চূড়ান্ত হবে বলে খবর রাজ্য বিজেপি সূত্রে।
প্রতিবারের মতো ছাব্বিশের বঙ্গভোটেও লাগাতার ‘ডেলি প্যাসেঞ্জারি’ চলছে দিল্লির বিজেপি নেতাদের। মোদি-অমিত শাহ-নীতীন নবীন তো আছেনই, অন্তত ৮ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলার ভোটপ্রচারে নামানো হয়েছে। তবে বাছাই করা কেন্দ্রগুলিতে ভোটারদের সমর্থন পেতে খোদ প্রধানমন্ত্রীই জনসভা করে চলেছেন। কোথাও কোথাও রোড শো-ও হচ্ছে। প্রথম দফা ভোটের আগে শেষ রবিবার চার কেন্দ্রে হাইভোল্টেজ প্রচার সেরেছেন তিনি। দ্বিতীয় দফা ভোটের আগেও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে কর্মসূচি। তারই মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হয়ে উঠল পানিহাটি কেন্দ্রে মোদির প্রচার। সূত্রের খবর, ২৪ তারিখ অর্থাৎ প্রথম দফা ভোটের (West Bengal Assembly Election) পরদিনই পানিহাটিতে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে এই প্রথম তাঁর সঙ্গে দেখা হবে অভয়ার মা তথা এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথের। ২০২৪ সালের আগস্টে আর জি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনার পর থেকে কখনও খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর পরিবারের দেখা হয়নি।
জানা যাচ্ছে, সব ঠিক থাকলে ২৪ এপ্রিল, শুক্রবার পানিহাটিতে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা অথবা রোড শো করবেন মোদি।আর জি কর কাণ্ডের পর এই প্রথম তাঁর সঙ্গে দেখা হবে অভয়া পরিবারের।ওই সভায় উপস্থিত থাকার কথা আশপাশের বেশ কয়েকটি কেন্দ্রের বিজেপি প্রার্থীদেরও। সময় হলে অভয়ার বাড়িও যেতে পারেন প্রধানমন্ত্রী। তবে কোনওটাই এখনও চূড়ান্ত নয় বলে জানাচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব। পানিহাটিতে মোদি ভোটপ্রচার করলে এই কেন্দ্র জিততে গেরুয়া শিবির বেশ খানিকটা অ্যাডভান্টেজ পাবে, তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল।